কক্সবাজারের চৌফলদন্ডীতে শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা (YPSA)-এর এডভোকেসি ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) এক সামাজিক বৈঠকের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, শিশুশ্রম নিরসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। জানানো হয়, কমিটির সদস্যরা আগামী তিন বছর এলাকায় সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হক। এছাড়া সহসভাপতি রেনু আক্তার, সহ-সাধারণ সম্পাদক খুরশীদা আক্তার, সাংগঠনিক ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হামিদা বেগম। সদস্য হিসেবে রয়েছেন রেহেনা আক্তার ও মো. জয়নাল আবেদিন।
বৈঠকে ইপসা’র পক্ষে উপস্থিত ছিলেন কক্সবাজারে সংস্থাটির এডভোকেসি প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার আলী আদনান এবং আউটরিচ অফিসার নয়ন চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইপসা’র হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষ নানা সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব পরিস্থিতিতে ভুক্তভোগীদের কাউন্সেলিংসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে ইপসা। নবগঠিত এ কমিটি মাঠপর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইপসা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে শিশুশ্রম নিরসন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সামাজিক সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।





