ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা (২৫৭০ বুদ্ধবর্ষ) উপলক্ষে ১মে–২০২৬ (শুক্রবার) চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে নগরীর ডিসি হিল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব ও মহিলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটন কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়। বর্তমান বিশ্বে যুদ্ধ ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি “যুদ্ধ নয় শান্তি চাই” আহ্বানকে বাস্তবে রূপ দিতে ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এই ঐতিহ্য রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে রোটারিয়ান অমরেশ বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া, বাপ্পি, কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া, রুপ্তা বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শান্তি শোভাযাত্রায় বিভিন্ন বয়সী বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।





