ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) উন্নীতকরণ এবং স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ” প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীতে তিন দিনব্যাপী পিয়ার এডুকেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যৌথভাবে বাস্তবায়ন করছে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপসা), মমতা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা।
১৬ থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত চট্টগ্রামের দেওয়ানহাটস্থ প্রকল্প কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে নির্বাচিত পিয়ার এডুকেটররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরী ও যুবসমাজের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), পুষ্টি, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, জীবন দক্ষতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কার্যকর যুব নেতৃত্ব গড়ে তোলা।
প্রশিক্ষণে কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, প্রজননতন্ত্র, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পুষ্টি ও নিরাপদ খাদ্যাভ্যাস, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, যৌনবাহিত রোগ ও এইচআইভি/এইডস, এইচপিভি টিকাদান, জীবন দক্ষতা, যোগাযোগ কৌশল, নৈতিক মূল্যবোধ, মাদকাসক্তি প্রতিরোধ এবং পিয়ার এডুকেশন সভা পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও অংশগ্রহণকারীদের কমিউনিটিতে সচেতনতামূলক সেশন পরিচালনা, তথ্য প্রদান এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে রেফারেল সুবিধা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা দলীয় উপস্থাপনা, ডেমো সেশন ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমে অংশ নেন।
ইপসা প্রকল্প কর্মকর্তারা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন পিয়ার এডুকেটর পরবর্তীতে কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সেশন পরিচালনা করবেন। তাদের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩০০টি সেশন আয়োজন করে প্রায় ৪৫ হাজার কিশোর-কিশোরীর কাছে এসআরএইচআর বিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৭০০টিরও বেশি উঠান বৈঠক, অভিভাবক সচেতনতামূলক কর্মশালা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী ও বাস্তবধর্মী প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং কমিউনিটি পর্যায়ে এর ধারাবাহিক বাস্তবায়নের আহ্বান জানান। উল্লেখ্য, প্রকল্পটির কার্যক্রম মার্চ ২০৩০ পর্যন্ত চলমান থাকবে।





