ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ক্যাম্প ভাঙার নেপথ্যের আশ্রয় আস্তানা বের করা হবে  : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, অস্ত্র, মাদক ব্যবসা ও অপরাধী চক্রের আধিপত্যের অবসান ঘটাতে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, অপরাধী চক্র বা রাষ্ট্রবিরোধী তৎপরতার আশ্রয়স্থল থাকতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান লক্ষ্য। আজ রবিবার (৩১ মে) জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অপরাধীদের পৃষ্ঠপোষকতার কারণে দেশের বিভিন্ন স্থানের মতো জঙ্গল সলিমপুরেও এক ধরনের সমান্তরাল ক্ষমতা কাঠামো গড়ে উঠেছিল। এখানে অপরাধীরা নিজেদের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। এমনকি রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিকেও তারা চ্যালেঞ্জ জানাতে দ্বিধা করেনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যবসায়ীদের বাসভবনে গুলিবর্ষণ, চাঁদাবাজি, ভূমি দখল ও আধুনিক অস্ত্রের মহড়ার মতো ঘটনাগুলো সরকারের নজরে আসে। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের অংশ হিসেবে মূল্যায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জঙ্গল সলিমপুরে একটি বড় ধরনের যৌথ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানে সন্ত্রাসীদের গড়ে তোলা অবৈধ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। এলাকাজুড়ে স্থাপিত নজরদারি ব্যবস্থা, পাহারা নেটওয়ার্ক এবং বিভিন্ন ধরনের অপরাধী কর্মকাণ্ডের কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তথ্য ফাঁসের কারণে অভিযানের পূর্ণাঙ্গ লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কারা তথ্য ফাঁস করেছে এবং কীভাবে অপরাধীরা আগাম তথ্য পেয়েছে, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে ।স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, জঙ্গল সলিমপুরে নির্মাণাধীন র‍্যাব ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা শুধু একটি স্থাপনা ধ্বংসের ঘটনা নয়, এটি রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনের বিরুদ্ধে একটি প্রকাশ্য চ্যালেঞ্জ। তিনি বলেন, “একটি অপরাধী গোষ্ঠী কীভাবে এত বড় দুঃসাহস দেখাতে পারে, কারা তাদের পেছনে রয়েছে, কারা অর্থায়ন করেছে এবং কারা রাজনৈতিক বা অন্য কোনোভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, র‍্যাব ক্যাম্প ভাঙার ঘটনায় জড়িতদের পাশাপাশি নেপথ্যের মূল পরিকল্পনাকারী, ভূমিদস্যু, অর্থদাতা ও উসকানিদাতাদেরও আইনের আওতায় আনা হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী অপরাধীদের রক্ষা করতে পারবে না। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান এবং পরবর্তীতে ক্যাম্প ভাঙার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, জাতীয় গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র এত বড় ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর সাহস পেল। বিশ্লেষকদের মতে, জঙ্গল সলিমপুরের ঘটনাপ্রবাহ শুধু একটি এলাকার আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, বরং এটি রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং অপরাধী নেটওয়ার্ক ধ্বংসের সক্ষমতারও একটি বড় পরীক্ষা। সেই কারণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এলাকার সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণে যারা জঙ্গল সলিমপুরে বসবাস করছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। সরকার প্রকৃত বাসিন্দাদের জন্য একটি টেকসই ও মানবিক পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করবে। তিনি বলেন, “আমরা জনগণের সরকার। জনগণের কষ্ট বাড়ানো নয়, তাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানাই।” জঙ্গল সলিমপুরকে বিচ্ছিন্ন জনপদ থেকে একটি আধুনিক ও পরিকল্পিত এলাকায় রূপান্তর করতে সরকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ ঘটিয়ে আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। ড্রোন জরিপ ও সড়ক মানচিত্র বিশ্লেষণের মাধ্যমে এলাকাটির জন্য একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এই পরিকল্পনার আওতায় পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা পোস্ট স্থাপন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বায়েজিদ লিংক এলাকার আশপাশে খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক অনুমোদনের আলোকে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়া হবে। জঙ্গল সলিমপুরের পাশাপাশি অপরাধপ্রবণ বেতুয়া ও চা বাগান এলাকাকেও বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অপরাধী চক্রের কোনো নিরাপদ আশ্রয়স্থল রাখা হবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। জঙ্গল সলিমপুরের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অপরাধ দমনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে এলাকার দীর্ঘমেয়াদি নিরাপত্তা, উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আইজিপি আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.