ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জীবনধারা

বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা আর মানুষের পাশে একদল স্বেচ্ছাসেবক

 

চট্টগ্রামে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ শুধু জলাবদ্ধতার আশঙ্কাই তৈরি করেনি, বাড়িয়ে দিয়েছিল পাহাড়ধসের ঝুঁকিও। আবহাওয়া পূর্বাভাসে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারির পর পাহাড়ঘেরা জনপদগুলোতে দেখা দেয় উৎকণ্ঠা। বিশেষ করে পাহাড়ের পাদদেশ ও ঢালে বসবাসকারী হাজারো পরিবারের কাছে প্রতিটি বৃষ্টির রাত ছিল অনিশ্চয়তার।
তবে এবার পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। দুর্যোগ সংঘটিত হওয়ার অপেক্ষায় না থেকে পূর্বাভাসের ভিত্তিতে আগাম প্রস্তুতি, সতর্কবার্তা প্রচার, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয় কয়েক দিন আগেই। এর ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং মানুষের জীবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত “Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগর ও বাঁশখালী উপজেলার বিভিন্ন পাহাড়ধস-ঝুঁকিপূর্ণ এলাকায় পরিচালিত হয়েছে এই কার্যক্রম

পূর্বাভাস থেকে মাঠে নামা

আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার পরপরই প্রকল্পের কর্মকর্তা, কর্মী, স্বেচ্ছাসেবক, যুব সংগঠক এবং কমিউনিটি প্রতিনিধিরা মাঠে সক্রিয় হয়ে ওঠেন। ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিগুলোতে গিয়ে তারা পরিবারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেন।
শুধু মৌখিক প্রচারণা নয়, প্রযুক্তিনির্ভর সতর্কবার্তাও পৌঁছে দেওয়া হয়। প্রকল্পের আওতায় ভয়েস মেসেজের মাধ্যমে ৯ হাজার ৩৩ জন মানুষের কাছে পূর্বাভাস ও সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণার মাধ্যমে আরও প্রায় ৩ হাজার মানুষকে সচেতন করা হয়।

নিরাপদ আশ্রয়ে সাড়ে তিন হাজার মানুষ

ঝুঁকি মূল্যায়ন ও স্থানীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগের ফলে গত কয়েক দিনে প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরে সহায়তা করা হয়েছে। স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জনপ্রতিনিধি এবং কমিউনিটি নেতাদের সমন্বয়ে পরিচালিত এই কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তার ওপর।
সংশ্লিষ্টদের মতে, অনেক ক্ষেত্রেই মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত ঘর ছাড়তে চান না। কিন্তু ধারাবাহিক সচেতনতা ও স্বেচ্ছাসেবকদের নিবিড় যোগাযোগের কারণে এবার অনেক পরিবার আগেভাগেই নিরাপদ স্থানে যেতে সম্মত হয়েছে।

মাঠে ছিলেন ১৯০ জনের বেশি কর্মী ও স্বেচ্ছাসেবক

এই দুর্যোগ-পূর্ব প্রস্তুতি ও ঝুঁকি মোকাবিলা কার্যক্রমে অংশ নেন বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক মানুষ।
এর মধ্যে ছিলেন-
৭০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক;
২০ জন ইন্টারপ্রেটার পুল ও ইয়ুথ অ্যান্টিসিপেশন হাব সদস্য;
৮০ জন মেট ক্লাব সদস্য;
প্রায় ২০ জন রিসোর্স পুল সদস্য;
পাশাপাশি প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা।
চট্টগ্রাম মহানগরে ৪০ জন এবং বাঁশখালীতে ৩০ জন স্বেচ্ছাসেবক দিন-রাত মাঠপর্যায়ে কাজ করেন। তারা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন, জনগণকে সতর্ক করা, আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করা, তথ্য সংগ্রহ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের দায়িত্ব পালন করেন।

বিপদের সময় মানবিকতার উদাহরণ

মাঠপর্যায়ের এই তৎপরতার মধ্যেই ঘটে একটি মানবিক ঘটনা। চট্টগ্রাম নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের চশমা হিল এলাকায় পাহাড়ধসের ঘটনায় নিহত শিশু সামিয়াকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ইপসার স্বেচ্ছাসেবক রিনা আক্তার।

আগাম সহায়তা, আগাম সুরক্ষা

দুর্যোগ মোকাবিলায় এবার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আগাম আর্থিক সহায়তা প্রদান। প্রকল্পের ‘নো রিগ্রেট’ নীতির আওতায় ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পর ১০০টি পরিবারকে নগদ সহায়তা দেওয়া হয়।
এর মধ্যে ৮৪টি পরিবার শর্তহীন নগদ সহায়তা এবং ১৬ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা শর্তযুক্ত সহায়তা হিসেবে জনপ্রতি ৬ হাজার টাকা করে পেয়েছেন।
এই সহায়তা পরিবারগুলোকে খাদ্য সংগ্রহ, নিরাপদ স্থানে স্থানান্তর, প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ এবং জীবিকা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

একজন বাবার স্মৃতিতে পাহাড়ধসের বেদনা

সহায়তাপ্রাপ্তদের একজন দ্বীন মোহাম্মদ। ২০২৩ সালে চট্টগ্রামের ষোলশহরে পাহাড়ধসে তাঁর ছেলে আবু রায়হান নিহত হয়।
তিনি বলেন, “ছেলেকে হারানোর কষ্ট কখনো ভোলার নয়। তখন আর্থিক অসুবিধার কারণে নিরাপদ জায়গায় যেতে পারিনি। এবার আগাম সহায়তা পাওয়ার কারণে পরিবারকে দ্রুত নিরাপদ স্থানে নিতে পেরেছি। মানুষকে আগে সতর্ক করা এবং সহায়তা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, আমি নিজের জীবন দিয়ে তা উপলব্ধি করেছি।”

৭১ হাজারের বেশি মানুষ উপকৃত

এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের সাম্প্রতিক এই কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭১ হাজার ৯০৮ জন মানুষ উপকৃত হয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম ষোলশহর, শুলকবহর, উত্তর পাহাড়তলী ও লালখান বাজার এবং বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নে পরিচালিত কার্যক্রমে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল।

দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন বার্তা

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে। এ বাস্তবতায় দুর্যোগের পর ত্রাণ নয়, বরং দুর্যোগের আগেই মানুষকে প্রস্তুত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সবচেয়ে কার্যকর কৌশল।
গত কয়েক দিনের অভিজ্ঞতা দেখিয়েছে, সঠিক পূর্বাভাস, দ্রুত সমন্বয়, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ থাকলে সম্ভাব্য দুর্যোগের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। আর সেই কাজটিই নীরবে করে যাচ্ছেন মাঠে থাকা ইপসার একদল স্বেচ্ছাসেবক, যুব সংগঠক ও কমিউনিটি কর্মী—যাদের নিরলস প্রচেষ্টায় নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে হাজারো মানুষ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.