চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় খালের পানিপ্রবাহ, পরিচ্ছন্নতা ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মেয়র বলেন, “জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খালগুলোর স্বাভাবিক প্রবাহ সচল রাখা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ উপাদান। তাই খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নয়ন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করতে হবে।”
তিনি বলেন, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্নে সংশ্লিষ্ট ঠিকাদারদের আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। তাঁর মতে, এ ধারাবাহিকতা বজায় থাকলে নগরীর জলাবদ্ধতা নিরসনে আরও দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।
মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত খাল রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা সবার দায়িত্ব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
পরিদর্শন শেষে মেয়র খালের পানিপ্রবাহ সচল রাখা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন, খাল পুনরুদ্ধার ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে ধাপে ধাপে পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।





