ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

কলসীদিঘী রেললাইন সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ: অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের বাদামতলা থেকে আনন্দবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ কলসীদিঘী রেললাইন সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়নকাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির ঘাটতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় সীমিত পরিসরে কাজ চললেও রাতের আঁধারে দ্রুততার সঙ্গে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ শেষ করার চেষ্টা চলছে।
এলাকাবাসীর দাবি, সড়কটির নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন রয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলে প্রতিবাদ জানালেও তাতে কাজের ধরন বা গতি পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাদের।
সম্প্রতি অভিযোগের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা বাদামতলা থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কটির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সড়কের বিভিন্ন অংশে ব্যবহৃত নির্মাণসামগ্রী ও কাজের ধরন নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিছু অংশে মানসম্মত উপকরণের পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া, রাবিশজাতীয় উপকরণ ও নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, নির্মাণকাজে যথাযথ মান নিশ্চিত করা না হলে সড়কটি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে সড়কের বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। এতে একদিকে সরকারি অর্থের অপচয় হতে পারে, অন্যদিকে কয়েক হাজার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা আবারও দুর্ভোগে পড়তে পারে।
অভিযোগ রয়েছে, সড়কটির নির্মাণকাজে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের নিয়মিত তদারকি নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের দাবি, কাজের মান যাচাই এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী উপকরণ ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যকর নজরদারি প্রয়োজন।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে সরেজমিনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) আশিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে অভিযোগের বিস্তারিত জানিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজে সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি জনগণের দীর্ঘমেয়াদি সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, নির্মাণকাজের মান যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন এবং প্রয়োজন হলে নমুনা পরীক্ষা করা হোক।
সুশীল সমাজের প্রতিনিধিরাও বলছেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা উচিত নয়। অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিম্নমানের কাজ পুনরায় মানসম্মতভাবে সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে।
এ অবস্থায় কলসীদিঘী রেললাইন সড়কের চলমান নির্মাণকাজ নিরপেক্ষভাবে পরিদর্শন, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান পরীক্ষা এবং প্রকল্পের নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কি না—তা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর নজরদারি কামনা করেছেন তারা।
তবে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.