ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জীবনধারা

আমার দাদুভাইয়া: প্রজ্ঞার বটগাছ এবং আমাদের নিরবধি সংলাপ

​আমাদের পরিবারের সেই বিশাল বটগাছ ছিলেন আমার দাদুভাইয়া। সততা আর প্রজ্ঞার এমন অপূর্ব সম্মিলন সচরাচর দেখা মেলে না। বাহ্যিকভাবে প্রথার চাদরে মোড়ানো ছিমছাম জীবনের ভেতরেও তাঁর সত্তাজুড়ে ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা—যেন সমস্ত কোলাহল পেরিয়ে তিনি এক অন্য জগতের বাসিন্দা। বহুমুখী প্রতিভার সেই মানুষটির হৃদয়টা ছিল যেমন বিশাল, তেমনি উন্মুক্ত। মানুষটির সান্নিধ্য ছিল এক চলমান লাইব্রেরির মতো। এইদিকে আমি তাঁর বড় নাতি কিন্তু প্রথাবিরোধী আত্মভ্রমিক একজন হলেও আমাদের এই দুই ভিন্ন মেরুর ভাবনা কখনো দূরত্ব তৈরি করতে পারেনি, বরং তৈরি করেছিল এক অনন্য আত্মিক সেতুবন্ধন।
তাঁর জীবনের সবচেয়ে বড় ভূষণ ছিল তাঁর মানুষকে টানার অদ্ভুত ক্ষমতা। তিনি ছিলেন অসম্ভব মিশুক, ভীষণ রকম মানবিক আর পরম আতিথেয়তাপ্রবণ। ঘরে কোনো অতিথি এলে তাঁর মুখের সেই চিরচেনা হাসি আর আপ্যায়নের ব্যস্ততা পুরো বাড়িটাকে আলোয় ভরে তুলত। একবার দাদুভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম আপনার এই ভাললাগার দর্শন কি? তিঁনি ফরাসি দার্শনিক ভলতেয়ারের সেই বিখ্যাত বাণীটি বললেন যা যেন তাঁরই জীবন দিয়ে খোদাই করা ছিল—
​”মানুষ কেবল তখনই বড় হয়, যখন সে মহৎ কোনো কাজের ভেতর দিয়ে নিজের মানবতাকে ফুটিয়ে তোলে।”
তিনি ছিলেন সেই বিরল মনের মানুষ, যিনি নিজের সুখের চেয়ে অন্যের কষ্ট ও আনন্দের ভাগীদার হতে ভালোবাসতেন। রাস্তার সাধারণ মানুষ থেকে শুরু করে আপনজন—সবার বিপদে তিনি ছিলেন এক আশার প্রদীপ।
তাঁর মুখে আমার প্রপিতামহ অর্থাৎ উঁনার বাবার গল্প অনেক শুনতাম। তিঁনিও এমন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন আর দাদুভাইয়া যেন ছিলেন উঁনারই প্রতিফলন যা এই পুরো বড় পরিবারের আর কারো মধ্যে দেখা যায় না।
​আমাদের সেই নিত্যদিনের আড্ডাগুলো ছিল যেন এক মহাজাগতিক সংযোগ। ধর্মদর্শন থেকে সাহিত্য, বিজ্ঞান, মিথোলজি—কী ছিল না আমাদের আলাপের পরিসরে? আমাদের সেই অন্তহীন আড্ডা আর গল্পের ঝুলি আজও চোখের সামনে ভাসে।
তিঁনি তাঁরমত করে একজন নিষ্ঠাবান ধর্মচর্চাকারী হওয়া সত্ত্বেও আমার ভিন্ন মতের ও দর্শনের কথাগুলো পরম বিস্ময় ও মুগ্ধতা নিয়ে শুনতেন। বয়স ও প্রাকৃতিকভাবে হয়তো তাঁর মনন ও চিন্তার পরিসর একটু অন্যরকম ছিল, কিন্তু ভিন্ন ভাবধারার সেই দর্শনকে তিনি কৌতূহল ও শ্রদ্ধার সঙ্গেই গ্রহণ করার চেষ্টা করতেন। পুরোপুরি নিজের করে না নিতে পারলেও, তিনি কখনো সেগুলোকে অস্বীকার বা ছোট করেননি। বরং তাঁর চোখজুড়ে থাকত এক অপার কৌতূহল আর অন্তহীন প্রাপ্তির আনন্দ। বয়সের সাথে মানুষের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে যাওয়ার কারণে ভিন্ন ধারণা, দর্শন ও যুক্তি সাধারণত মানুষ গ্রহণ করতে পারে না এবং শুনতেও পারে না। ব্যাক্তিজীবনে তিনি পরমতসহিষ্ণুতার চর্চা করেছেন বলেই বৃদ্ধকালেও তিনি কৌতুহল নিয়ে শুনতেন, জানার আগ্রহ দেখাতেন অথচ পরিবারের অন্যান্যদের কাছে কখনো কখনো তিরষ্কার, বা অবজ্ঞা অথবা বদনাম ও শুনতে হয়েছে, কিন্তু সেখানে তিঁনি সবার থেকে প্রাচীন হওয়া সত্ত্বেও ছিলেন ব্যাতিক্রম, আধুনিক, স্থৈর্যের প্রতীক।
যেখানেই দাদুভাইয়ার চিন্তাগত আর আমার দর্শনগত অমিল আসতো সেখানেই আমরা মাওলানা জালালুদ্দিন রুমীর কথাটা উচ্চারণ করতাম –
​”রীতি-নীতি, মতবাদে, ভাল-মন্দের সীমানার ওপারে এক বিশাল মাঠ রয়েছে; আমি তোমার সাথে সেখানে দেখা করব।”
ঠিক সেই ময়দানে এসে আমার মুখোমুখি বসতাম। আমার ভাবনার বৈচিত্রতাকে তিনি মুগ্ধ বিস্ময়ে গ্রহণ করতেন। পুরোপুরি নিজের করে না নিতে পারলেও, তিনি কখনো সেগুলোকে অস্বীকার করেননি। আমার ভাবনার আগুনে তিনি হাত সেঁকে নিতেন, আর আমি তাঁর ছায়ায় খুঁজে পেতাম এক মধুর আশ্রয় আলাপে, কথোপকথনে।
শেষ সময়ে এসেও এক প্রশান্ত প্রজ্ঞার মানুষ ছিলেন তিঁনি।​ জীবনের শেষ অধ্যায়ে এসে যখন তাঁকে প্রশ্ন করলাম— “দাদুভাইয়া, আপনার জীবনে কি কোনো অতৃপ্তি আছে?”
তিনি এক চিলতে সরল হাসি দিয়ে এক কথায় বলেছিলেন, “না, কোনো অতৃপ্তি নেই।”
​আবার যখন জানতে চেয়েছিলাম, সারাদিন একা একা বসে কী ভাবেন? তখন তাঁর কণ্ঠে বেজে উঠেছিল মার্কাস অরেলিয়াসের সেই প্রাচীন স্টয়িক দর্শন— “যা তোমার ভাগ্যে ঘটার, তা তো ঘটেই চলেছে; এর বাইরে আলাদা করে ভেবে মন খারাপ করার কিছু নেই।” তিনি বিনীতভাবে বলেছিলেন, “কোনো কিছু নিয়ে আলাদা করে আর চিন্তা করি না; যেটা যেমন হবার, যেভাবে চলার, সে তো নিজের নিয়মেই চলবে।”
তাঁর জীবনটা যেন হয়ে উঠেছিল গেটের সেই বাণীর প্রতিচ্ছবি— “জীবন যত সহজ হয়, মহত্ত্ব ততই তার সৌন্দর্য প্রকাশ করে।” কোনো ক্ষোভ, কোনো অতৃপ্তি বা অপ্রাপ্তির কালো মেঘ তাঁর আকাশকে কখনো আচ্ছন্ন করতে পারেনি। তাঁর এই কথাগুলোর ভেতরেই লুকিয়ে ছিল এক গভীর দার্শনিক উপলব্ধি। বিভিন্ন সাহিত্যিক ও দার্শনিকের উদ্ধৃতি দিয়ে কথা বলা ছিল তাঁর স্বভাব। তাঁর জীবনের শেষ অধ্যায়টি যেন এক শান্ত দীঘির মতো স্থির ও গভীর হয়ে উঠেছিল, যেখানে কোনো ক্ষোভ বা অতৃপ্তির ঢেউ ছিল না।
​যে কারো মৃত্যুতে আমি বরাবরই স্বাভাবিক থাকি বা থাকার চেষ্টা করি। মৃত্যু তো এক অবধারিত মহাসত্য। কিন্তু তবুও জীবনের চলার পথে যে স্মৃতিময় আবেগ মনের জানালায় রয়ে যায়, অকস্মাৎ স্মৃতির উৎসধারী সে জীবন্ত সত্তা যখন দেহ ছেড়ে মিলিয়ে যায় অনন্তে তখন তাঁকে বিদায় জানাতে কৃতজ্ঞতার, ভালবাসা, ভক্তির প্রকাশ যেন অশ্রু হয়ে শেষ বিদায়টুকু জানাতে গড়িয়ে পড়ে।
জানাজার নামাযের আগে যখন খাটিয়াটা কাঁধ থেকে নামিয়ে রাখলাম পশ্চিমে, শেষবারের মতো ভক্তি ও শ্রদ্ধা জানাতে কাফনের কাপড়ের ওপর যখনই পা ছুঁয়ে দিলাম—ঠিক সেই মুহূর্তেই বাঁধ ভেঙে গেল। চোখের সে পানি আর নিয়ন্ত্রণে রইল না। চারদিকে তখন মানুষ ব্যস্ত মসজিদে ঢুকতে, জানাজার প্রস্তুতি নিতে; আর আমি মসজিদের বাহিরে এক পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে অঝোরে কেঁদে চলেছি—একবারে নিঃশব্দ তরঙ্গে। ​আর ঠিক সেই কান্নার ঝাপটায় ফ্ল্যাশব্যাকে ভেসে উঠতে লাগল সমস্ত স্মৃতি: ​তাঁর অফুরন্ত স্নেহ আর ভালোবাসার উষ্ণতা, ​আমার জন্য তাঁর সেই স্নিগ্ধ প্রতীক্ষা, ​একা বসে থাকলে নিজে উঠে এসে পাশে বসে স্নেহের ডাকে গল্প শুরু করা, ​একটা ছোট্ট প্রশ্ন ছুড়ে দিয়ে তারপর ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই প্রশ্ন নিয়ে আমাদের জ্ঞানগর্ভ আলাপ।
​আজকের এই দুনিয়ায় যেখানে মানুষের ভিন্ন মত শুনলেই মানুষ তেড়ে আসে, সেখানে আমার সব অপ্রচলিত দর্শন ও ভাবনা পরম আগ্রহে, কৌতুহলে, স্থিরতায় পরিবারের মধ্যে কেবল তিনিই শুনতেন, মনোযোগ দিতেন এবং মতামত দিতেন। এই বিরল ধৈর্য ও মননশীলতা পরিবারের মধ্যে কেবল তাঁর মাঝেই ছিল।
​দাদুভাইয়া আজ নেই ঠিক এক বছর হয়ে গেলো, ইচ্ছা ছিল আরো অনেক গল্প করার। কিন্তু তাঁর রেখে যাওয়া সেই চিন্তার আলো, সততার দীক্ষা এবং আমাদের সেই অন্তহীন সংলাপগুলো আমার সত্তার গভীরে এক অচেনা প্রদীপের মতো চিরকাল জ্বলতে থাকবে।
সখা, সবসময় বলেন- দেহের মৃত্যু চির অন্ধকারময়, চির রহস্যপূর্ণ হলেও দেহ ও আত্মার বিচ্ছেদ আনন্দময় এক সত্যের নব ফুটন্ত গোলাপ। দাদুভাইয়ার সেই সূক্ষ্ম জীবনীশক্তিও যেন তাই, যেমন গুটিকাবদ্ধ প্রজাপতি তার স্বেচ্ছাকৃত কারাগার ভেদ করে স্বকীয় স্থুল শরীর ত্যাগ করে যখন নবসৌন্দর্য্যে স্বর্গরজিত পাখা কাঁপাতে কাঁপাতে কোন কুসুমিত সূর্যরশ্মি ফলিত নিকুঞ্জে উড়ে বেড়ায়, ঠিক তেমনই নবসৌন্দর্যে তিঁনি আনন্দময় হয়েই যেন বিচরণ করছেন!
কত বিভিন্ন রকমের বর্ণ, কত বিভিন্ন রকমের গঠন মাধূর্য, আলোক কূমারী ক্ষুদ্র কুসুম যখনই পূর্ণ রূপ,পূর্ণ যৌবন লাভ করে, যখনই পূর্ণ পরিমল দলে দলে স্তবকে স্তবকে বা থোকায় থোকায় উছলিয়ে পড়তে থাকে,তখনই সঙ্গে সঙ্গে মরণ এসে তাকে কোলে করে নেয়। মৃত্যু অবধারিত, কর্মের নানা প্রকার ভোগের এই জীবনকে স্থিরতার সাথে পূর্ণ করাটাও তো এক পরম আশীর্বাদ, এই জীবন দাদুভাইয়া অতিক্রম করেছেন। ফুল মরে যায়, কিন্তু আসলেই মরে যায় কে বলে ? যারই চোখ আছে তারই হৃদয় সেই রূপ, সেই মরণে সৌন্দর্যে আত্মা নেচে বেড়ায়। মরণে রূপ শুকিয়ে গেল, সেই সোহাগ সৌন্দর্যের দলগুলো না হয় মলিন হয়ে ঢলে পড়লো,কিন্তু সেই পরির্বতন এর ভেতর দিয়ে ফুলের একটা বিশিষ্ট উন্নতি হয়েছে। যে রূপ দেহগত ছিল, যে পরিমল পরাগের ভেতর বন্দীকৃত ছিল,সেই রূপ সত্ত্বা, সেই সূরভিতত্ত্ব সূক্ষ্ম অশরীরী অবস্থা প্রাপ্ত হয়েছে।
সৌন্দর্যেই বল, সৌরভই বল,যা আত্মার ধর্ম, তার ধ্বংস হয় না। যে মানবিকতা, ভালবাসা, স্থিরতা, নির্লিপ্ততা আর প্রজ্ঞার ছাপ দাদুভাইয়া রেখে গেছেন, সেই একই সৌন্দর্যের তত্ত্ব যুগে যুগে,বর্ষে বর্ষে, দিনে দিনে,অবতার রূপে আবির্ভাব হয় বা জন্মগ্রহন করেন। কেবল উপযোগী অবসরে আপন আপন প্রয়োজন মত জড়শরীর সংগ্রহ করে নেয়।
তাই বসন্তে আবার ফুল ফোটে,আবার নবীন যৌবন,নতুন প্রাণ ফুলগাছের অঙ্গে অঙ্গে উছলিয়ে পড়তে থাকে,ফুলের জীবনও যেরুপ, আত্মার অবস্থিতি ঠিক সেইরূপ। জীবনরাজ্যের এক ভিন্ন দ্বিতীয় নিয়ম নাই। ফুলের মত মানুষের দেহও ঝরে মরে যায়। কেবল সুরভি সৌন্দর্যের মত জীবাত্মার অশরীরী উন্নতির জন্য।
সেই উন্নতির পথে জীবন সৌন্দর্যের নিত্যানন্দের আবেশে সংযোগ সাধন করে মহাপ্রেমের দর্শনে হয়ত আমরা আবার একত্রিত হব দাদুভাইয়া। যে প্রেম, ভালবাসা, মমতা, স্নেহ আপনি ঢেলে দিয়েছেন প্রজ্ঞার চাদরে, আমার একান্ত বোধের আন্তরিক শ্রোতা হয়ে এই দেহমনের অনুরণিত দর্শনকে যতটুকু স্বীকৃতি আপনি দিয়েছেন, তার কোনো বিনিময় হয় না। আমার অশেষ প্রেম, ভক্তি ও আপনার উন্নততর প্রশান্তিময় আত্মিক যাত্রার তরে শুভকামনার শক্তি রইলো আপনার স্থির-শান্ত হৃদকমলে দাদুভাইয়া।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.