ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আনন্দ কন্ঠ ও ভ্রমণ

দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৫৫৪ পর্যটক

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর দ্বিতীয় দিনে তিনটি জাহাজে করে ১ হাজার ৫৫৪ জন পর্যটক দ্বীপটির উদ্দেশে যাত্রা করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি টেকনাফ ছেড়ে যায়। এতে চলতি মৌসুমে পর্যটকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় দিনে এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলী এক্সপ্রেসে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক সেন্টমার্টিন গেছেন। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৮৩৬ জন পর্যটক নিয়ে প্রথম দিনের যাত্রা শুরু করা এমভি বারো আউলিয়া রাতে কক্সবাজারে ফিরে আসে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়ার টিকিটে কেবিনের সুবিধা রয়েছে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনুমোদিত তিনটি জাহাজ নিয়মিত চলাচল করবে। এসব জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ২ হাজার ৩০০ জন। তবে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি থাকায় প্রয়োজনে জাহাজের সংখ্যা বাড়তে পারে।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর নুনিয়াছড়া ঘাটে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। সমুদ্রপথে সেন্টমার্টিন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পর্যটকরা। সরকারি নির্দেশনা মেনে দ্বীপ ভ্রমণের কথা জানিয়েছেন তাঁরা।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক কবির আহমেদ বলেন, সেন্টমার্টিন আমাদের সম্পদ। দ্বীপের পরিবেশ রক্ষায় সেখানে ঘুরতে যাওয়া প্রত্যেক পর্যটকের দায়িত্ব রয়েছে।
তবে জাহাজের টিকিটের বাড়তি মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। ঢাকার উত্তরার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, টিকিটের দাম কিছুটা বেশি মনে হয়েছে। ভ্রমণপিপাসু মানুষের সাধ্যের কথা বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হলে ভালো হতো। বিষয়টি জাহাজ কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এবার সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের জন্য পরিবেশ সংরক্ষণ ফি, ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। এসব ব্যবস্থার মাধ্যমে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং দ্বীপের পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটকদের প্রবেশ ও রাতযাপনের অনুমতি থাকলেও দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বহাল রয়েছে একাধিক বিধিনিষেধ। রাতের বেলায় সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচায় নিষেধাজ্ঞা রয়েছে।
এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সেন্টমার্টিনের মতো ছোট ও সংবেদনশীল দ্বীপে পর্যটকের চাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। পর্যটকের সংখ্যা বাড়লে বর্জ্য ব্যবস্থাপনা, পানির ব্যবহার, জ্বালানি ও শব্দদূষণের পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই পর্যটন কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিধিনিষেধ বাস্তবায়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন।
উল্লেখ্য, চলতি মৌসুমে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টেকনাফসহ অন্য কোনো নৌপথ থেকে জাহাজ চলাচলের অনুমতি নেই।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.