ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বৃহত্তর চট্টগ্রামে রাতভর নাশকতা: বাস-ট্রাকে আগুন, পেট্রোল বোমা ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা

বৃহত্তর চট্টগ্রামে রাতভর নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালানো, যানবাহনে আগুন, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫ জনকে আটকের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে, চট্টগ্রামের ফটিকছড়ি ও কক্সবাজারের চকরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা, চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং খাগড়াছড়ির গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাঙামাটিতে আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়া হয়েছে।
চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন, আটক ৩
চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর আগে নিউ মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় পৃথক দুটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাস ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, বাস ভাঙচুরের সময় তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আনোয়ারায় ব্যাংকে ককটেল বিস্ফোরণ, পুড়েছে নথি
আনোয়ারার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া মঙ্গলবার ভোরে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে একদল যুবক। তারা ছাত্রলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সরে যায়।
ফটিকছড়িতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, সড়কে আগুন
ফটিকছড়িতে সোমবার দিবাগত রাতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড় ও পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকাতেও মিছিলের খবর পাওয়া গেছে।
কক্সবাজারে সাত স্থানে বিস্ফোরণ, আটক ৬
কক্সবাজার জেলায় নাশকতার ঘটনা ঘটেছে একাধিক স্থানে। রামু বাইপাস গেটে চলন্ত ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া কক্সবাজার শহরের কলাতলী, নিউমার্কেট, কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড, ঝিলংজার খরুলিয়া, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁওয়ের মাইজপাড়া এলাকায় ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
টেকনাফে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটক এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতন। পরে তালা ও ব্যানার সরিয়ে নেওয়া হয়।
রাঙামাটিতে আদালত ও সরকারি প্রতিষ্ঠানে তালা
রাঙামাটি শহরে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্টরা ফটকে তালা দেখতে পান। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও গাড়িতে আগুন, আটক ৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়পিলাক এলাকায় বিএনপির একটি কার্যালয়ে মঙ্গলবার ভোররাতে অগ্নিসংযোগ করা হয়। এতে কার্যালয়টি পুড়ে যায়।
এ ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাশকতা ঠেকাতে পুলিশের অভিযান
চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে পৃথক ঘটনায় আটকের পাশাপাশি বিভিন্ন স্থানে নাশকতায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, ভাঙচুর ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
একের পর এক অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.