ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কুমিল্লা

কালুরঘাট সেতুর পিলারে মাটিক্ষয়, ঝুঁকি ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ

“সেতুর এক কিলোমিটারের মধ্যে অবাধে বালু উত্তোলনের অভিযোগ, দেখার কেউ নেই”

কর্ণফুলী নদীর খরস্রোতা স্রোত আর অবৈধ বালু উত্তোলন- দুইয়ের চাপে ঝুঁকিতে পড়েছে শতবর্ষী কালুরঘাট সেতু। সেতুর মাঝখানের কয়েকটি পিলারের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় সেখানে জিওব্যাগভর্তি বালুর বস্তা ফেলে ক্ষয়রোধের কাজ চলছে। রেলওয়ের প্রকৌশলীরা বলছেন, বুয়েটের কারিগরি সমীক্ষায় পিলারের গোড়ায় মাটিক্ষয়ের বিষয়টি উঠে এসেছে। তবে সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নেই।
অনুসন্ধানে দেখা গেছে, সেতুর দুই পাশের বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। বড় বড় ভলগেট ও নৌযানে করে এসব বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, সেতু ও গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। ফলে প্রশ্ন উঠেছে, আইন অমান্য করে সেতুর এত কাছে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল সংস্থাগুলোর ভূমিকা কী?
সরেজমিনে দেখা যায়, কালুরঘাট সেতুর দুই পাশে বড় আকারের দুটি পল্টুন থেকে জিওব্যাগভর্তি বালুর বস্তা পিলারের গোড়ায় ফেলা হচ্ছে। প্রায় এক মাস ধরে এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিদিন অর্ধশতাধিক শ্রমিক এ কাজে নিয়োজিত রয়েছেন। কেউ বালু আনছেন, কেউ বস্তায় বালু ভরছেন, আবার কেউ বস্তা সেলাই করে সেগুলো পিলারের গোড়ায় ফেলার জন্য প্রস্তুত করছেন।
রেলওয়ের প্রকৌশলীদের ভাষ্য, কর্ণফুলী নদীর তীব্র জোয়ার-ভাটার স্রোতে সেতুর মাঝখানের কয়েকটি পিলারের গোড়া থেকে মাটি সরে গেছে। এ অবস্থায় পিলারের তলদেশের ক্ষয়প্রাপ্ত অংশ সুরক্ষিত করতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে।
রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম বলেন, স্রোতের কারণে কয়েকটি পিলারের গোড়ার মাটি সরে যাওয়ায় জিওব্যাগ ফেলা হচ্ছে। মাঝখানের কিছু স্থানে এ সমস্যা দেখা দিয়েছে। সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে। সেতু এলাকা থেকে বালু উত্তোলন করা হলে সেটিও মাটিক্ষয়ের একটি কারণ হতে পারে।
রেলওয়ের সেতু প্রকৌশলী এম রিয়াসাদ ইসলাম জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমীক্ষা ও পরামর্শক দলের সুপারিশের ভিত্তিতে পিলারের গোড়ায় বালুর বস্তা ফেলা হচ্ছে।
রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন বলেন, খরস্রোতা কর্ণফুলীর জোয়ার-ভাটার স্রোতে কয়েকটি পিলারের গোড়ায় মাটি ক্ষয়ের বিষয়টি বুয়েটের সমীক্ষায় উঠে এসেছে। পরামর্শকদের সুপারিশ অনুযায়ী পিলারের তলদেশে মাটি সরে যাওয়া স্থানে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে।
অনুসন্ধানে কালুরঘাট সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের চিত্র পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর দুই পাশ থেকে দিন-রাত বালু তোলা হচ্ছে। বড় আকারের ভলগেট ও নৌযানে করে এসব বালু বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে সেতু এলাকার কয়েকজন মৎস্যজীবী ও ব্যবসায়ী জানান, দিনের বেলায় প্রকাশ্যেই সেতুর কাছ থেকে বালু উত্তোলন করা হয়। রাতেও সেতুর গোড়ার কাছাকাছি এলাকা থেকে বালু তোলা হয়। কিন্তু সরকারি কোনো সংস্থাকে এ কাজে বাধা দিতে দেখা যায়নি।
বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন ও স্রোতের গতিপথে পরিবর্তন আসতে পারে। এতে সেতুর পিলারের গোড়ায় মাটিক্ষয়ের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে কালুরঘাট সেতুর বর্তমান মাটিক্ষয়ের পেছনে অবৈধ বালু উত্তোলনের সরাসরি ভূমিকা কতটুকু, তা নির্ধারণে পৃথক কারিগরি তদন্ত প্রয়োজন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইনসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করা নিষিদ্ধ। স্থানীয়দের অভিযোগ সত্য হলে কালুরঘাট সেতুর আশপাশে বালু উত্তোলনের ঘটনাগুলো সরাসরি আইনের লঙ্ঘন।
১৯৩০ সালে কর্ণফুলী নদীর ওপর নির্মিত হয় ৬৩৮ দশমিক ৫ মিটার দীর্ঘ কালুরঘাট সেতু। ১৯৬২ সালে এতে সড়ক যান চলাচলের জন্য ডেক যুক্ত করা হয়। প্রায় ৯৬ বছর ধরে ব্যবহৃত সেতুটি দীর্ঘদিন ধরেই পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে সংস্কার ও মেরামতের মাধ্যমে এর ওপর দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল সচল রাখা হয়েছে।
সর্বশেষ ২০২৩ সালে দোহাজারী-কক্সবাজার রেলপথ চালুর আগে বুয়েটের পুরকৌশল বিভাগের পরামর্শে সেতুটির পূর্ণাঙ্গ কারিগরি মূল্যায়ন ও সংস্কার করা হয়। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সংস্কারের পর কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে সেতুটির ওপর দিয়ে প্রতিদিন তিন জোড়া ট্রেন চলাচল করছে। পাশাপাশি শত শত মাঝারি ও ছোট যানবাহন চলাচল করে।
রেলওয়ে সূত্র জানায়, বুয়েটের কাঠামোগত মূল্যায়নে সেতুর ইস্পাতের বিভিন্ন অংশে ক্ষয় ও মরিচা, ডেক স্ল্যাবে পানি জমে থাকা এবং সড়কযানের অতিরিক্ত চাপের কারণে স্টিল গার্ডার, স্ট্রিংগার ও ক্রস-বিমে ক্ষয়ের বিষয়টি চিহ্নিত হয়েছিল। এ ছাড়া নদীর তীব্র জোয়ার-ভাটার কারণে কয়েকটি পিয়ারের গোড়ায় স্কাওরিং বা পানির স্রোতে তলদেশের মাটি সরে যাওয়ার ঝুঁকিও উঠে আসে।
একদিকে সেতুর পিলারের গোড়ায় মাটি ক্ষয় রোধে লাখো বালুর বস্তা ফেলার প্রয়োজন দেখা দিয়েছে, অন্যদিকে একই এলাকায় বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে সেতুটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, সেতুর এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকার পরও কীভাবে দিনের পর দিন ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে? এসব বালুমহালের বৈধতা যাচাই, উত্তোলনের স্থান নির্ধারণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কোন সংস্থার?
সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু জিওব্যাগ ফেলে সাময়িকভাবে মাটিক্ষয় ঠেকানোই যথেষ্ট নয়। পিলারের গোড়ায় ক্ষয়ের প্রকৃত কারণ নির্ণয়, নদীর তলদেশের নিয়মিত পর্যবেক্ষণ এবং নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন বন্ধে কার্যকর অভিযান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় দীর্ঘদিনের পুরোনো এই সেতুর ঝুঁকি আরও বাড়তে পারে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.