পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে তথ্য গোপন করে অবৈধভাবে ৮০ বস্তা সার মজুদের অভিযোগে ডিলার হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার ছাইকোলা বাজারে এই অভিযান চালানো হয়। এর আগে গত সোমবার সার বিতরণের সময় হট্টগোলে এই বাজারের আরেকটি ডিলার পয়েন্ট থেকেই ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ওঠে।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান এ অভিযান পরিচলনা করেন।
আভিযানিক দল জানায়, প্রতিদিনের মত আজকেও যথানিয়মে চাটমোহরের ছাইকোলা বাজারের হাবিবুর রহমানের ডিলার পয়েন্ট বিসমিল্লাহ এন্টারপ্রাইজে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। কিন্তু এছাড়াও ডিলার ভিন্ন আরেকটি গোডাউনে গোপনে সার মজুদ করেছেন বলে গোপন সংবাদ এর ভিত্তিতে আভিযানিক দল অভিযান চালালে ৮০ বস্তা ডিএপি ও টিএসপি সার পাওয়া যায়। পরে ওই সার স্থানীয় কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান বলেন, উপজেলায় পর্যাপ্ত সার বরাদ্দ রয়েছে। তবুও কোনো কোনো অসাধু ব্যবসায়ী সার মজুদ করে সংকট সৃষ্টির মধ্য দিয়ে বেশি দামে বিক্রি করে থাকেন। এটি করার সুযোগ নেই। সার মজুদের অপরাধে হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এ ধরণের কাজ কখনোই যেনো না করেন সে বিষয়েও সতর্ক করা হয়েছে।





