ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতির বাহক ও পরিচয়। মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসা-ঘৃণা সবকিছুই ভাষার মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু ভাষার একটি বিশেষ দিক হলো গালি—যা কখনো রাগের বহিঃপ্রকাশ, কখনো হাস্যরসের উপাদান, আবার কখনো সামাজিক প্রতিরোধের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের গ্রামীণ জীবনে গালির একটি বিশেষ সংস্কৃতি ছিল, যা সময়ের পরিবর্তনে রূপ নিয়েছে। সেকালের গালি তুলনামূলক নিরীহ ও সামাজিক সীমার ভেতরে আবদ্ধ থাকলেও একালের গালি হয়ে উঠেছে অনেক বেশি কুরুচিপূর্ণ ও অশ্লীল।
সেকালের গালি:
বাংলার গ্রামে-গঞ্জে গালির ব্যবহার ছিল একধরনের রসিকতা ও আবেগ প্রকাশের মাধ্যম। গ্রামীণ মহিলাদের মুখে শোনা যেত—“বলিহারি”, “হিচা মারি”, “ঝাড়া মারি তোরে” ইত্যাদি। পুরুষদের মুখেও পাওয়া যেত—“হারামজাদা”, “কাঠ বাঙাল”, “কান পাট্টি ছিড়া পালামু” জাতীয় উক্তি। এগুলো রাগ প্রকাশ করলেও তাতে অশ্লীলতা বা নারীকে উদ্দেশ্য করে অপমান ছিল তুলনামূলক কম। সেকালের গালি অনেকটা প্রবাদ-প্রবচনের মতোই দৈনন্দিন জীবনের অংশ ছিল, যা গ্রামীণ সমাজে ‘মজার’ উপাদান হিসেবেও দেখা যেত। ঝগড়াঝাটি হলেও সীমা লঙ্ঘন কম হতো, কারণ তখনও সমাজে লজ্জা-শালীনতা ও পারস্পরিক সম্মানের ধারণা প্রবল ছিল।
একালের গালি :
কালের পরিবর্তনে গালির চেহারা অনেকটাই বদলে গেছে। আজকের সমাজে ঝগড়া বা বিতর্ক শুরু হলেই মা-বোনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়। এ ধরনের গালি শুধু অশ্লীল নয়, বরং নারীকে অবমাননার মধ্য দিয়ে পুরো সমাজের অসুস্থ মানসিকতাকে প্রকাশ করে। বিশেষ করে চট্টগ্রামসহ শহরের প্রান্তিক অঞ্চলে এ প্রবণতা আরও বেশি পরিলক্ষিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন গালি যেন পরিচয়ের অংশ হয়ে উঠেছে।
একালের গালি সংস্কৃতি কেবল ভাষার অবক্ষয় নয়, বরং এটি সামাজিক অবক্ষয়েরও প্রতিচ্ছবি। সভ্যতার বিকাশের সাথে সাথে যেখানে মানুষের ভাষা আরও শালীন হওয়ার কথা ছিল, সেখানে উল্টো ভাষা দিন দিন হয়ে উঠছে অশ্লীল ও কুরুচিপূর্ণ।
সমাজতাত্ত্বিক বিশ্লেষণ:
গালির এই পরিবর্তন সমাজতত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায়। সেকালে গালি ছিল আবেগ প্রকাশের সামান্য মাধ্যম, যেখানে পারস্পরিক সম্পর্ক ভাঙন ধরত না। কিন্তু একালের গালি ক্ষমতা ও আধিপত্য দেখানোর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। নারীকেন্দ্রিক গালি আসলে আমাদের সমাজে নারীকে অবমাননার প্রবণতার প্রতিফলন। পাশাপাশি শিক্ষা ও পারিবারিক সংস্কৃতির দুর্বলতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।
গালির সাংস্কৃতিক প্রভাব:
গালির এই অশ্লীল ব্যবহার সমাজ ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।
এটি ভাষার সৌন্দর্য নষ্ট করছে।
পারিবারিক ও সামাজিক সম্পর্কে দূরত্ব বাড়াচ্ছে।
নারীকে হেয় করার মাধ্যমে বৈষম্য আরও গভীর করছে।
শিশু ও কিশোররা এসব শুনে ভাষায় অশ্লীলতা রপ্ত করছে, যা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর।
সমাধানের পথ
১. পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে ভাষার শুদ্ধ ব্যবহার শেখাতে হবে।
২. গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে—অশ্লীল ভাষা প্রচার কমাতে হবে।
৩. সামাজিক সচেতনতা বাড়াতে হবে, যাতে মানুষ বুঝতে পারে নারীকেন্দ্রিক গালি আসলে সভ্যতার পরিপন্থী।
৪. প্রাচীন নিরীহ গালিগুলো হয়তো লোকজ সংস্কৃতির অংশ হিসেবে রসিকতা বা গবেষণার খাতায় সংরক্ষণ করা যেতে পারে, কিন্তু অশ্লীল গালি সংস্কৃতিকে প্রতিরোধ করতে হবে।
পরিশেষে বলতে পারি ভাষা একটি জাতির পরিচয়ের অন্যতম বাহন। সেকালের গালি সংস্কৃতিতে ছিল সীমাবদ্ধতা, মজা ও কৌতুক—যা সমাজকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করত না। কিন্তু একালের গালি সংস্কৃতি হয়ে উঠেছে নারী-বিদ্বেষ, কুরুচি ও অসভ্যতার প্রতীক। তাই এখনই আমাদের ভাবতে হবে—আমরা কেমন ভাষায় ভবিষ্যৎ প্রজন্মকে বড় করতে চাই। গালি সংস্কৃতিকে শালীনতার পথে ফিরিয়ে আনা কেবল ভাষার মর্যাদা রক্ষাই নয়, এটি সভ্যতা রক্ষারও অপরিহার্য শর্ত।





