“আমি কন্যাশিশু; স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকালে দিনাজপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুরের আয়োজনে জেলা শিশু একাডেমির হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ আশিকা আকবর তৃষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, দিনাজপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মাগফেরাতুন্নেছা উর্মি এবং কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম (উন্নয়ন) অফিসার সুবাস কুজুর।
ডে-কেয়ার সেন্টারের অফিসার রেজভিন শারমিন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘পল্লীশ্রী’ দিনাজপুরের প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক এবং উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি বাবু সুসান্ত কুমার দাস।
বক্তারা বলেন, কন্যাশিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের সুশিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা সামাজিক দায়িত্ব। প্রতিটি কন্যাশিশু যেন নির্ভয়ে বড় হতে পারে এবং নিজের মেধা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিতে পারে—এই লক্ষ্যেই এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম।
দিবসটি উপলক্ষে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের আওতায় শিশুশ্রম প্রতিরোধ এবং বিদ্যালয়মুখী করার লক্ষ্যে কিছু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কন্যাশিশুদের অংশগ্রহণে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। শিশুদের গান, নাচ ও কবিতা পরিবেশনার মধ্য দিয়ে উঠে আসে কন্যাশিশুদের প্রতিভা ও আত্মবিশ্বাসের বার্তা।
আলোচনা সভার শেষে অতিথিরা বলেন, “একটি কন্যাশিশুর হাসি মানেই একটি পরিবারের আনন্দ। প্রতিটি মেয়েশিশু যেন নিরাপদ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে উঠতে পারে—এই হোক আমাদের আজকের অঙ্গীকার।”
দিনাজপুরে দিনব্যাপী এই আয়োজনে ছিল উৎসবের আমেজ, সচেতনতার বার্তা ও ভবিষ্যতের স্বপ্নে ভরপুর এক উজ্জ্বল প্রত্যয়।





