পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন ( পিকেএসএফ)
আয়োজিত “Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development (HCD)” প্রকল্পের চতুর্থ বার্ষিক সমন্বয় সভায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন -ইপসা অর্জন করেছে এক্সিলেন্ট ক্যাটাগরি অ্যাওয়ার্ড। এই পুরস্কারটি প্রকল্প বাস্তবায়নে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। দেশের ৩০টি সহযোগী প্রতিষ্ঠানের ১০৪টি শাখার মধ্যে যারা সর্বনিম্ন ১৮০টি নিরাপদ দুই-পিট ল্যাট্রিন স্থাপন ও ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, সেই সমস্ত সংস্থা কে “ শ্রেষ্ঠ শাখা ” হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। ইপসার পাঁচটি শাখা যথাক্রমে হাটাজারী, সুলতানপুর, মোগলেরহাট, সীতাকুণ্ড এবং মারিয়মনগর এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, হাটাজারী, সুলতানপুর ও মোগলেরহাট শাখার ব্যবস্থাপকগণ স্বশরীরে উপস্থিত থেকে পিকেএসএফ ভবনে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, তিনি সকল পুরস্কারপ্রাপ্ত শাখা ও কর্মীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও উন্নয়নমুখী কার্যক্রমে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বলেন ইপসার প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করবে দেশের সবচেয়ে অবহেলিত মানুষের ভবিষ্যত সুরক্ষা ও জীবনমান উন্নয়ন। সেক্ষেত্রে ইপসা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভাবে কাজ করছে। যেখানে গ্রামের সাধারণ কৃষক, দিনমজুর, ক্ষুদ্র উদ্যোক্তা, নারীরা সবাই পাবেন সমান সুযোগ, মর্যাদা ও অংশগ্রহণের অধিকার। উন্নয়ন তখনই সফল হবে যখন প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটে। ইপসা প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতি শতভাগ নিবেদিত। ইপসা পরিবারের সকলেই সেই যাত্রায় সামিল হবেন বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন।





