নওগাঁর মান্দায় বেপরোয়া গতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে সাতটার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকার মিলনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দা উপজেলার গণেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)। আহত চারজন হলেন আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০) ও মনোয়ার (২০)। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হতাহতরা সবাই বন্ধু ছিলেন। আড্ডা দেওয়ার জন্য তাঁরা সতীহাট থেকে তিনটি মোটরসাইকেলে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে মিলনের ইটভাটা এলাকায় গতি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”





