বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, সীতাকুণ্ডে উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মাসিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মুহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামাজিক সংগঠন, সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা বিএনপির পক্ষে সভাপতি ডা. কমল ক্বদর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবু তাহের, সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া সম্পাদক মোঃ আবুল হোসাইন, সীতাকুণ্ড পৌরসভার আমীর মুহাম্মদ আলী আকবর প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ মেজবাউল আলম রাসেল।
সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ সীতাকুণ্ডে মাদকদ্রব্যের বিস্তার, যানজট, ইভটিজিংসহ সামাজিক সমস্যাগুলোর প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা “সীতাকুণ্ডকে একটি নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক দল এবং জনগণের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ইউএনও মো. ফখরুল ইসলাম অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।





