“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাকলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা Young Power in Social Action (ইপসা)-এর তত্ত্বাবধানে, ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় এবং RedOrange ও Amplify Change-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। বাকলিয়া এলাকার চারটি স্থানীয় যুব সংগঠন—জাগ্রত যুব সামাজিক সংঘ, Youth Voice for Change, ঊষার আলো যুব সংঘ এবং কায়ো বাংলাদেশ—এর তরুণ সদস্যরা এ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ঊষার আলো যুব সংঘের সভাপতি স্বর্ণা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। এতে ইপসার প্রোগ্রাম ম্যানেজার শ্যামশ্রী দাশ এবং যুব নেতা আব্দুল আজিজ নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়া ইপসার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা দূর করতে পিতৃতান্ত্রিক মানসিকতার পরিবর্তন অপরিহার্য। একই সঙ্গে পরিবার, বন্ধু ও সামাজিক পরিমণ্ডলের সক্রিয় সমর্থন নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সরকারি আইসিটি নীতিমালার আলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ আচরণ এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্য এক পর্বে অরুন্ধতি বড়ুয়া ও সায়মা আক্তার নারী দিবসের ধারণাপত্র পাঠ করেন। এতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল “নারীর অর্থনৈতিক স্বাধীনতাই প্রকৃত ক্ষমতায়নের মূল চাবিকাঠি” বিষয়ক ছায়া বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেন রিয়াজুল জান্নাহ মারজান ও সায়েদ সাদিন। পাশাপাশি উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী তাসলিমা ও ইয়াসিন নারী অধিকার রক্ষায় ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা ও নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে একটি সচেতনতামূলক র্যালি ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়, যা স্থানীয় কমিউনিটির মধ্যে নারী নিরাপত্তা ও সমতার বার্তা ছড়িয়ে দেয়।
সবশেষে কায়ো বাংলাদেশের প্রতিনিধি সাইফুল হাসান তরুণদের ইতিবাচক সামাজিক পরিবর্তনের কারিগর হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





