“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন করেছে বাপসা, মমতা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। মঙ্গলবার (৭ এপ্রিল) নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাপসা, মমতা ও ইপসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের কর্মীরা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, এ বছরের প্রতিপাদ্য অনুযায়ী স্বাস্থ্যসেবায় বৈজ্ঞানিক জ্ঞান ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় এবং মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে ‘ওয়ান হেলথ’ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বহুপাক্ষিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
উল্লেখ্য, কানাডার হেলথব্রিজ ফাউন্ডেশনের সহায়তায় এবং বাপসা, মমতা ও ইপসা কর্তৃক বাস্তবায়িত “হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইমপ্রভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় বৃহত্তর চট্টগ্রাম মহানগর এলাকায় যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও কমিউনিটি পর্যায়ের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যচর্চা প্রসার এবং নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




