কক্সবাজারে জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও শিশু শ্রম নিরসনে ইপসার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া সেকশনের প্রধান স্যাবিন রোজেন থ্যালার। এ সময় উপস্থিত ছিলেন এসডিসি বাংলাদেশের প্রধান দীপাক এলমার, সুইস এম্বাসির নেক্সাস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মার্ক ডিট্রিখ এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শীরিন লীরা।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL)’ প্রোগ্রামের আওতায় ইপসা বাস্তবায়িত ‘ফ্রি কিডস’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তারা শিশু সুরক্ষা, শিশু শ্রম নিরসন এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি উপকারভোগী, স্থানীয় স্টেকহোল্ডার ও কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিনিধিদল ইপসার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে।
কক্সবাজার সদর উপজেলার নাজিরারটেকের ভাসাইন্যা পাড়া এলাকায় প্রকল্পের শিক্ষণ কেন্দ্র, শুঁটকি পল্লীসহ বিভিন্ন কার্যক্রমস্থল পরিদর্শন করা হয়। পুরো কার্যক্রম উপস্থাপন ও সমন্বয় করেন ইপসার হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহীন।
প্রতিনিধিদল প্রকল্পভুক্ত শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া স্থানীয় সরকারি প্রতিনিধি, যুব প্রতিনিধি ও কমিউনিটি গ্রুপের সঙ্গে একটি কোর্টইয়ার্ড সভায় অংশগ্রহণ করেন।
মোহাম্মদ আলী শাহীন বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনা নয়, বরং তাদের জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা। একই সঙ্গে অভিভাবকদের জীবিকাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পরিবারকে স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে।”
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন এসডিসির কল প্রোগ্রামের ফোকাল পারসন তানভীর উদ্দিন আরমান, সলিডার সুইসের প্রতিনিধি দীক্ষা গুলাটি, কল প্রোগ্রামের পরিচালক ফারহানা আফরোজ এবং ইপসার উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং সলিডার সুইস বাংলাদেশের সহযোগিতায় ‘CALL’ প্রোগ্রামের আওতায় ইপসা ‘ফ্রি কিডস’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে জলবায়ু বাস্তুচ্যুত পরিবারের শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনা, অভিভাবকদের কারিগরি ও জীবিকাভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং পরিবারভিত্তিক স্বনির্ভরতা গড়ে তোলার কাজ চলমান রয়েছে।





