চট্টগ্রাম নগরীতে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউনিলিভার বাংলাদেশ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা ‘র মধ্যে সমঝোতা স্মারক (MoU) নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সাল থেকে পরিচালিত এ যৌথ উদ্যোগের আওতায় ইতোমধ্যে ১৪৮ জন ভাঙারি ব্যবসায়ী ও ১ হাজার ৭৬২ জন বর্জ্যকর্মী প্রশিক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ইনস্যুরেন্স সুবিধা পেয়েছেন। একইসঙ্গে উৎসভিত্তিক বর্জ্য পৃথকীকরণ, সংগ্রহ, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নগরীতে একটি কার্যকর ও অংশগ্রহণমূলক বর্জ্য ব্যবস্থাপনা মডেল গড়ে উঠেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং জনসচেতনতা, অংশীদারিত্বমূলক উদ্যোগ এবং বর্জ্যকর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই নগর ব্যবস্থাপনায় সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সেরা বর্জ্যকর্মী ও ভাঙারি ব্যবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব হবে।





