সীতাকুণ্ড-বাড়বকুণ্ড শিল্পাঞ্চল বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শ্রমিক নেতা নিজামুদ্দিনকে আহ্বায়ক এবং রাকিবুল ইসলাম রাকিবকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এ উপলক্ষে চট্টগ্রামের অলংকার এলাকায় অবস্থিত হানিমুন টাওয়ারে শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সোহাগ মোল্লা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাফফর। এছাড়াও চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিল্পোন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সীতাকুণ্ড-বাড়বকুণ্ড শিল্পাঞ্চল বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত আহ্বায়ক নিজামুদ্দিন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব সংগঠনের প্রতি আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত এই কমিটির মাধ্যমে সীতাকুণ্ড-বাড়বকুণ্ড শিল্পাঞ্চলের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।





