তারকা ফুটবলারদের বেলায় আমরা প্রায়ই দেখি -বড় অঙ্কের চুক্তির কাছে ব্যক্তিগত অবস্থান নরম হয়ে যায়। ফ্রেঞ্চ ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে যেন ঠিক এর উল্টো উদাহরণ।
মা ফায়জা লামারি মুসলিম, বাবা উইলফ্রেড এমবাপে খ্রিষ্টান। এমবাপে নিজে খ্রিষ্টধর্মের অনুসারী। কিন্তু ধর্মীয় পরিচয়ের চেয়েও তাঁর ব্যক্তিগত নীতিই যেন বেশি উচ্চকিত। বহু লোভনীয় প্রস্তাব সত্ত্বেও তিনি কখনো অ্যালকোহল, জুয়া কিংবা তরুণদের জন্য ক্ষতিকর বলে বিবেচিত পণ্যের বিজ্ঞাপনে অংশ নেননি। নিজের বাণিজ্যিক অধিকারও তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন, যাতে তাঁর নাম এমন কোনো ব্র্যান্ডের সঙ্গে না জড়ায়, যা তাঁর মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
২০২২ কাতার বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় অ্যালকোহল ব্র্যান্ডের লোগো আড়াল করে আলোচনায় এসেছিলেন এমবাপে। সে কারণে তাঁকে জরিমানার মুখেও পড়তে হয়েছিল। তবু অবস্থান বদলাননি।
২০২৬ বিশ্বকাপে ফিফা ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় এনে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারের উপস্থাপনায় কিছু পরিবর্তন আনে। কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে অ্যালকোহল-সম্পর্কিত স্পন্সর ব্র্যান্ডিংয়ের বদলে নিরপেক্ষ নকশা ব্যবহার করা হয়। ব্যক্তিগত নীতির কারণেই খ্রিষ্টান ধর্মাবলম্বী হয়েও এমবাপে সেই নিরপেক্ষ সংস্করণেই পুরস্কার গ্রহণ করেন। তাঁর কাছে বিষয়টি ছিল নীতির, ধর্মের নয়।
বিশ্বজুড়ে কোটি কোটি তরুণ তাঁকে অনুসরণ করে। এমবাপে সম্ভবত জানেন, একজন গ্লোবাল আইকনের সবচেয়ে বড় পরিচয় গোলসংখ্যা নয়; তিনি কী মূল্যবোধ বহন করেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
একটি কথা মনে রাখা ভীষণভাবে জরুরি -কাউকে ভালোবাসার কারণ শুধু তাঁর খেলা বা ব্যক্তিগত গৌরবময় অর্জন নয়, তাঁর চরিত্রও হতে পারে। আর নীতির প্রশ্নে আপস না করার এই বিরল উদাহরণের জন্য কিলিয়ান এমবাপে নিঃসন্দেহে আলাদা সম্মান ও মর্যাদা পাওয়ার দাবিদার।
এমন মহৎ মানুষ এমবাপেকে ভালো না বেসে পারবেন?





