ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

খেলাধুলা

বিশ্বকাপের নতুন রাজা স্পেন, সিংহাসনচ্যুত আর্জেন্টিনা

ফুটবল বিশ্বের নতুন সম্রাট স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস লিখল লা রোহারা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্প্যানিশরা। লামিন ইয়ামাল, রদ্রি, নিকো উইলিয়ামস ও দানি ওলমোদের নেতৃত্বে একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টিনার রক্ষণভাগ। তবে দুর্দান্ত গোলকিপিংয়ে এমিলিয়ানো মার্তিনেজ প্রথমার্ধে দলকে বিপদমুক্ত রাখেন।
অন্যদিকে, লিওনেল মেসিদের আর্জেন্টিনা পুরো ম্যাচজুড়েই নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়।
স্পেনের উচ্চচাপের ফুটবলের সামনে আক্রমণ গড়ে তোলাই কঠিন হয়ে পড়ে আলবিসেলেস্তেদের জন্য। প্রথমার্ধে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে একবারও বল স্পর্শ করতে পারেনি তারা।
বিরতির পরও বদলায়নি ম্যাচের চিত্র। স্পেন বারবার গোলের দ্বারপ্রান্তে পৌঁছালেও মার্তিনেজের দৃঢ়তায় গোলশূন্যই থাকে স্কোরলাইন। ম্যাচের ৬৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে ফেরান তোরেসের হেডও রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।
নির্ধারিত সময়ের শেষদিকে আর্জেন্টিনার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এঞ্জো ফার্নান্দেজ। ফলে যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
অতিরিক্ত সময়ে সংখ্যাগত সুবিধাকে কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে স্পেন। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আসে কাঙ্ক্ষিত গোল। নিকো উইলিয়ামসের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক ভলিতে জালে বল জড়িয়ে দেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস। সেই এক গোলেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
গোল হজমের পর শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা। কিন্তু স্পেনের সংগঠিত রক্ষণ ভেদ করতে পারেননি মেসিরা। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়েই শিরোপা উৎসবে মাতে লুইস দে লা ফুয়েন্তের দল।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল স্পেন। দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে চ্যাম্পিয়নের মুকুট পরল ইউরোপের এই পরাশক্তি। একই সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ জিতে বিরল এক কীর্তিও গড়ল লামিন ইয়ামালদের প্রজন্ম।
অন্যদিকে, টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের সোনালি ট্রফি এবার উঠেছে স্পেনের হাতে, আর ফুটবল বিশ্ব পেয়েছে নতুন এক ফুটবল সাম্রাজ্য।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.