কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ।
শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচি কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের অংশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি এবং ১ কেজি লবণ সমন্বয়ে একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়। আয়োজকদের মতে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিলখালী ইউনিয়নে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, সমাজসেবক রেজাউল করিম এবং এস. কে. ফিশারিজের স্বত্বাধিকারী জাহেদুল করিম।
আইএসডিই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রজেক্ট অফিসার সুপম বড়ুয়া, প্রকল্প কর্মকর্তা (মিল) মোস্তাক আহমদ এবং লজিস্টিকস কর্মকর্তা তাজ উদ্দীন।
অনুষ্ঠানে চেয়ারম্যান কামাল উদ্দীন বলেন, “সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে চরম খাদ্য ও আর্থিক সংকটে পড়েছে। এ ধরনের মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার নির্বাচন করে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।”
খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, বন্যার কারণে অনেক পরিবারের আয়-রোজগার ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে এই সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে এবং সাময়িকভাবে হলেও খাদ্যসংকট দূর করতে সহায়তা করবে।
আইএসডিই বাংলাদেশ জানায়, এর আগে কক্সবাজারের হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, বন্যাকবলিত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ মোট ৫৬ হাজার ৫০০ সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





