একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পরিবারের সদস্যদের চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের প্রয়োজন হলে নির্ধারিত স্কিমের বাইরে থেকেও প্রয়োজনীয় পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন আমানতকারীরা। একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধন সাপেক্ষে হজ পালনের জন্য প্রয়োজনীয় অর্থ তোলার সুযোগও রাখা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও আর্থিক সংকটে পড়া শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে অন্তর্বর্তী সরকার ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকটির লাইসেন্স প্রদান করা হলেও আমানতকারীদের অর্থ ফেরতের স্কিম ঘোষণা করা হয় একই বছরের ২৯ ডিসেম্বর।
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ওই স্কিম অনুযায়ী, আমানত বীমা তহবিলের আওতায় ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত যে কোনো সময় উত্তোলন করতে পারতেন। এছাড়া অবশিষ্ট অর্থ ফেরতের জন্য সর্বোচ্চ ২৪ মাস সময় নির্ধারণ করা হয়েছিল। তবে ধাপে ধাপে এক লাখ টাকার বেশি উত্তোলনের সুযোগ ছিল না। কেবল ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় স্কিমের বাইরে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সন্তানদের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ স্কিমের বাইরে থেকেও উত্তোলন করা যাবে। পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় এবং হজ পালনের জন্য প্রয়োজনীয় অর্থও উত্তোলনের সুযোগ পাবেন আমানতকারীরা।
এ পরিবর্তনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহীদুল ইসলাম জাহীদ। তিনি বলেন, “সম্মানিত আমানতকারীরা এ সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করবেন। সরকার এবং সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যে আমানতকারীদের অর্থ ফেরত দিতে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।”
এদিকে, সম্প্রতি অর্থমন্ত্রী পাঁচ ব্যাংকের আমানতকারীদের মূলধনের পাশাপাশি মুনাফাসহ অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ইসলামী ব্যাংকিং নীতিমালার আলোকে ‘এহসান’ বা অনুকম্পার ভিত্তিতে আমানতকারীদের সম্পূর্ণ মুনাফা প্রদান করা হবে।





