ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পরিবেশ 

প্লাস্টিক পুনর্ব্যবহারে বৃহৎ শিল্প গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের

 

চট্টগ্রাম, ২৬ অক্টোবর: প্লাস্টিক সংগ্রহে সাধারণ মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারভিত্তিক বৃহৎ শিল্প গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ খাতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্লাস্টিকের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পাশাপাশি পরিবেশ এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে জেলা প্রশাসনের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জমা দেওয়া ব্যবহৃত প্লাস্টিক নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের আওতায় আনতে এ সমঝোতা স্মারক সই হয়।
জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ পেয়েছে। গত সেপ্টেম্বরে শিশু-কিশোরদের মধ্যে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন এ ব্যতিক্রমী উদ্যোগ চালু করে। চিড়িয়াখানায় সাধারণ প্রবেশমূল্য ৭০ টাকা হলেও ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ১০০ গ্রাম ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারছে।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, চিড়িয়াখানার এ উদ্যোগের কথা জানার পর বিভিন্ন স্থান থেকে অনেকেই প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। সংগৃহীত প্লাস্টিক কীভাবে পুনর্ব্যবহার করা যায়, সে বিষয়েও তাঁরা জানতে চেয়েছেন। তবে দেশে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান গড়ে না ওঠা একটি বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, “সবাই যদি সত্যিকার অর্থে প্লাস্টিক সংগ্রহ করে, তাহলে আমার মনে হয়, এটি ভবিষ্যতে একটি বড় শিল্পে পরিণত হতে পারে।”
সমঝোতা স্মারক অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ এবং পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। এ কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন ও ইপসার মধ্যে কোনো ধরনের অর্থ লেনদেন হবে না। প্রাথমিকভাবে এক বছরের জন্য এ সমঝোতা কার্যকর থাকবে।
জেলা প্রশাসনের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। ইপসার পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী।
উদ্যোগটির লক্ষ্য ব্যাখ্যা করে জেলা প্রশাসক বলেন, চিড়িয়াখানায় প্রবেশের জন্য নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর পক্ষেই দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু প্লাস্টিক সংগ্রহ করে জমা দেওয়ার মাধ্যমে তারা পরিবেশ ও সমাজের ওপর প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছে। এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ গড়ে তোলা।
সমঝোতা স্মারকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আজকের এই সমঝোতা স্মারকটির পরিসর হয়তো ছোট, কিন্তু এর প্রভাব অনেক বেশি।”
প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করার ক্ষেত্রে বাস্তব সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটসহ প্রাকৃতিক উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
ইপসার উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক এ ধরনের কার্যক্রম চিড়িয়াখানার বাইরেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোও প্লাস্টিক সংগ্রহ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় মানুষকে উৎসাহিত করতে পারে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি পুনর্ব্যবহারভিত্তিক শিল্পের বিকাশ ঘটানো সম্ভব।
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আরও সবুজ ও আকর্ষণীয় করে তুলতে সেখানে প্রায় ১৫০টি ডাবগাছ রোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। জেলা প্রশাসক বলেন, চিড়িয়াখানায় সাদা বাঘসহ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। প্রাণী বিনিময়ের মাধ্যমে নতুন নতুন প্রজাতির প্রাণীও আনা হয়েছে, যা চিড়িয়াখানার আকর্ষণ বাড়িয়েছে।
শিক্ষার্থীদের চিড়িয়াখানা পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু-কিশোরেরা চিড়িয়াখানায় এসে পশুপাখি দেখার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। মুঠোফোনের পর্দায় সময় কাটানোর পরিবর্তে তারা প্রকৃতির সান্নিধ্যে এসে বাস্তব জীবনের আনন্দ উপভোগ করতে পারবে। এ বার্তা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পৌঁছে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও ইপসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.