ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

জীবনধারা

আব্বা, তোমাকে ভুলব কী করে!

আজ (২৯/১০/২০২৬) আমার আব্বার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালের এইদিনে আব্বা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন!  কত কিছুই লিখতে ইচ্ছে করে আব্বাকে নিয়ে! অথচ লিখতে গেলেই হাত কেঁপে ওঠে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, বুকের ভেতর অনুভব করি এক অদ্ভুত শূন্যতা আর অসহ্য ব্যথা। মনে হয়, কত কথা এখনো বলা হয়নি, কত স্মৃতি এখনো মনের গভীরে জমে আছে! আব্বাকে নিয়ে লিখতে গেলে শব্দ ফুরিয়ে যাবে, কিন্তু আমার লেখা কখনো শেষ হবে না।
গত বছরের এই দিনটি ছিল আমাদের জীবনের অন্যতম ভয়াবহ ও বেদনাবিধুর দিন। সেদিনই রিমঝিমের ও-লেভেল পরীক্ষা শুরু হয়েছিল। তাই আগের রাত থেকেই পরীক্ষা নিয়ে একধরনের দুশ্চিন্তা কাজ করছিল। কিন্তু কে জানত, সেই দিনটি আমাদের জীবনে এমন এক গভীর শূন্যতা তৈরি করে যাবে, যা কোনো দিনই পূরণ হওয়ার নয়!
সাধারণত রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন তাসবিহ পড়তাম, তখন ফোনে সিসি ক্যামেরা চালু করে আব্বাকে দেখতাম। আব্বাও প্রতিদিন এই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এরপর জিকির করতে করতে ফজরের আজান পর্যন্ত জেগে থাকতেন। ফজরের নামাজ শেষ করে এক প্যাকেট লেক্সাস বিস্কুট খেতেন, মাথায় একটু তেল লাগাতেন, তারপর আবার ঘুমিয়ে পড়তেন। নামাজের সময়টুকু বাদে এই পুরো সময়টা আমি ক্যামেরায় আব্বাকে দেখতাম, যতক্ষণ না তিনি লাইট বন্ধ করতেন।
শেষের দিকে আব্বা ঠিকমতো হাঁটতে পারতেন না। অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এক পা, এক পা করে এগোতেন। চলাফেরা করতে তাঁর বেশ সময় লাগত। চোখেও প্রায় দেখতেন না। অথচ নিজের প্রয়োজনীয় কাজগুলো—বাথরুমে যাওয়া, খাওয়া, মাথায় তেল লাগানো—সবই অনুমান করে নিজে নিজে করার চেষ্টা করতেন।
বাথরুমে গেলে অনেক সময় লাগাতেন উনি। মাঝেমধ্যে ভয় পেতাম, এতক্ষণ হয়ে গেল, আব্বা এখনো বের হচ্ছেন না কেন! এত কষ্ট করে চলাফেরা করতেন মানুষটা। অথচ ৯৬ বছর বয়সেও নামাজ কিংবা রোজার ব্যাপারে তাঁর কোনো অবহেলা দেখিনি। সবচেয়ে বিস্ময়কর লাগত, কোনো অ্যালার্ম ছাড়াই কীভাবে যেন ঠিক সময়ে তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যেতেন! আল্লাহর ইবাদতের প্রতি তাঁর এই নিষ্ঠা আজও আমাকে গভীরভাবে ভাবায়।
এই বয়সেও আব্বা প্রতিদিন অনেক সময় নিয়ে গোসল করতেন। সাবান মাখতে কখনো ভুলতেন না। আসলে আব্বা ছিলেন ভীষণ পরিপাটি একজন মানুষ।
তাঁর সামনে খাবার পরিবেশন করতে হতো খুব সুন্দর করে। খাবারের ব্যাপারেও তাঁর রুচি ছিল অসাধারণ। খাবার মজার না হলে তিনি খেতে পারতেন না। ছোট ছোট বিষয়েও তাঁর এই যত্নশীলতা ছিল চোখে পড়ার মতো।
মেহমানদারি ছিল আমার আব্বার অন্যতম প্রিয় শখ। মানুষকে খাওয়াতে তিনি ভীষণ ভালোবাসতেন। এই একটি বিষয়ে আব্বা যেন পৃথিবীর সবচেয়ে উদার মানুষ হয়ে উঠতেন। অন্য অনেক কিছুতে হিসাব-নিকাশ করলেও মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে কখনো হিসাব করতেন না।
টেবিলভর্তি নানা রকম খাবারের আয়োজন দেখতে তিনি অভ্যস্ত ছিলেন।
আম্মা ভীষণ পরিশ্রমী একজন মানুষ। তিনিও হরেক রকম মজার মজার খাবার তৈরি করতেন। আর বিশেষ কোনো দিন হলে ভাবিরাও থাকতেন নানা আয়োজন নিয়ে।
আব্বার সঙ্গে ভাবিদের ছিল অসাধারণ সখ্যতা। সব ভাবিই আব্বাকে ভীষণ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। আমার তো মাঝে মাঝে মনে হয়, তাঁরা হয়তো নিজেদের বাবার মতোই, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি ভালোবাসতেন আমার আব্বাকে।
আসলে আমার আব্বাকে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন হবে।
আব্বা ৪০ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। হাইস্কুলের প্রধান শিক্ষক হয়েও তিনি কলেজের শিক্ষার্থীদের পড়াতেন, যারা তাঁর কাছে প্রাইভেট পড়তে আসতেন। তাঁর অসংখ্য গুণী ছাত্রছাত্রী রয়েছেন, যাঁরা আজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁদের প্রত্যেকের কাছেই আব্বা ছিলেন অত্যন্ত শ্রদ্ধার মানুষ।
আব্বা যতবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, কীভাবে কীভাবে যেন তাঁর ছাত্রছাত্রীরা খবর পেয়ে যেতেন। আর খবর পাওয়া মাত্রই তাঁকে দেখতে ছুটে আসতেন। আব্বার প্রতি তাঁদের এই ভালোবাসা ও শ্রদ্ধা দেখলে সত্যিই মন ভরে যেত।
আব্বার দুবার অপারেশন হয়েছিল, আর দুবারই অপারেশন করেছিলেন তাঁরই একজন ছাত্র। সেই ছাত্র আব্বার অপারেশনের জন্য নিজের পারিশ্রমিক নেননি (কিন্তু হাসপাতালের অন্যান্য খরচ বহন করতাম আমরা)। পাশাপাশি অন্যদেরও বলে দিয়েছিলেন, যেন আব্বার কোনো রকম অযত্ন না হয়।
আব্বাকে হাসপাতালে ভর্তি করালে এত মানুষ তাঁকে দেখতে আসতেন যে, হাসপাতালের ডাক্তার-নার্সরাও কখনো কখনো বিরক্ত হয়ে যেতেন। কারণ, তাঁরা যখনই আসতেন, দেখতেন হাসপাতালের কক্ষ মানুষে গিজগিজ করছে!
ভাবলে অবাক লাগে, আমার আব্বা কতটা সৌভাগ্যবান ছিলেন! এই পৃথিবীতে একটি জীবন কাটিয়ে তিনি আপন মানুষদের কাছ থেকে কত অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান পেয়েছেন! আর আমার ভাইয়ারা আব্বার প্রতি যে ভালোবাসা, দায়িত্ববোধ ও যত্ন দেখিয়েছেন, তাও কম সৌভাগ্যের নয়। এমন সন্তানদের ভালোবাসা ও সেবা কয়জন বাবার ভাগ্যে জোটে!
আমরা দশ ভাইবোন। আমাদের প্রত্যেকের মোনাজাতে আব্বা থাকেন। প্রতিটি দোয়ায় আমরা তাঁর কথা স্মরণ করি। একজন সন্তানের দোয়া যে তার বাবা-মায়ের জন্য কত বড় নিয়ামত, কত বড় উপহার, এই বিশ্বাসই আমাদের সান্ত্বনা দেয়। আমরা আশা করি, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করবেন, আব্বার কবরকে প্রশস্ত ও নূর দিয়ে যেন আলোকিত করবেন এবং তাঁর পরকালীন জীবনকে সহজ করে দেবেন।
আব্বার নিজের নামে উল্লেখ করার মতো অর্থ-সম্পদ ছিল না। কারও হক নষ্ট করে নিজের জন্য কিছু অর্জন করা তো দূরের কথা, বরং নিজের সামর্থ্য অনুযায়ী সবার জন্য কিছু করার চেষ্টা করতেন। বিনা বেতনে দরিদ্র শিক্ষার্থীদের পড়িয়েছেন, এমনকি নিজের বাসায় রেখেও তাদের পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। ছোট-বড় সবার প্রতিই তাঁর ছিল গভীর আন্তরিকতা ও মমতা।
আর আমাদের প্রতি আব্বার ভালোবাসা ছিল নিখাদ, অকৃত্রিম ও নিঃস্বার্থ।

আমাদের তাঁর খোঁজ নেওয়ার প্রয়োজন হতো না বরং আব্বাই নিয়মিত আমাদের খোঁজ নিতেন।

আজ আব্বা নেই। কিন্তু তাঁর ভালোবাসা, তাঁর অভ্যাস, তাঁর কথাগুলো, তাঁর যত্ন, তাঁর মেহমানদারি আর মানুষের প্রতি তাঁর মমতা-সবকিছুই আমাদের স্মৃতিতে বেঁচে আছে। প্রতিদিনের ছোট ছোট স্মৃতিগুলোই আজ বড় হয়ে ধরা দেয়। তখন মনে হয়, মানুষ চলে গেলেও তাঁর ভালোবাসা আর রেখে যাওয়া সুন্দর কাজগুলো কখনো হারিয়ে যায় না।
আজকের এই বিশেষ দিনে আল্লাহর কাছে আলাদা করে কী চাইব? আব্বার জন্য আমাদের চাওয়া, আমাদের দোয়া তো প্রতিদিনই এক। প্রতিটি নামাজে, প্রতিটি মোনাজাতে আমরা তাঁর জন্য রহমত কামনা করি। আল্লাহ যেন আব্বার জীবনের সব ভালো কাজ কবুল করেন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দেন, কবরের জীবনকে শান্তিময় করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শুধু আল্লাহর কাছে এটুকুই চাই—আমাদের জীবনে এমন কোনো দিন যেন না আসে, যেদিন আমরা এক মুহূর্তের জন্যও আব্বাকে ভুলে থাকি। যত দিন বেঁচে থাকব, আব্বার স্মৃতি, তাঁর ভালোবাসা আর তাঁর রেখে যাওয়া শিক্ষা যেন আমাদের হৃদয়ে অমলিন থাকে।
সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সবার দোয়া কবুল করেন এবং সেই দোয়ার উসিলায় আমার আব্বার কবরের জীবনকে শান্তিময় ও সহজ করে দেন। তাঁর মর্যাদা বৃদ্ধি করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।
কারণ, প্রিয় মানুষটির জন্য পৃথিবীতে আমাদের আর কিছুই করার নেই, দোয়া করা ছাড়া। আর আল্লাহর কাছে করা একটি কবুল দোয়া যে কত বড় রহমত হয়ে আসতে পারে, তা আমরা কেউই জানি না।
আব্বা, তুমি আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের হৃদয়ে আছো, থাকবে চিরকাল। তোমাকে ভুলে থাকা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়।
তোমার ছোট সন্তান
সুলতানা চুমকি

শেয়ার করুনঃ

© All Rights Reserved.