খুলনার পাইকগাছা থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের এই উদ্যোগে পুরো টাকাই ফেরত পেয়েছেন ভুক্তভোগী মাহাবুর রহমান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর মতিহার থানার আব্দুল মালেক দপ্তরির ছেলে মাহাবুর রহমান গত চার বছর ধরে পাইকগাছায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত আছেন। রাজশাহীর মোহনপুরে সোনালী ব্যাংকের মৌগাছী শাখায় তাঁর একটি ব্যাংক হিসাব রয়েছে, যা তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করেন।
গত ২৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হঠাৎ আপডেট চাওয়া হয়। বিষয়টি না বুঝে তিনি আপডেট দিয়ে ফেলেন। প্রায় ৪৫ মিনিট পর ফোনটি পুনরায় সচল হলে সোনালী ব্যাংক থেকে পরপর দুটি লেনদেনের বার্তা পান তিনি। এরপর ব্যাংক হিসাব যাচাই করে দেখতে পান, তাঁর হিসাব থেকে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগীর ধারণা, অজ্ঞাতনামা কোনো প্রতারক চক্র তাঁর মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাতের চেষ্টা করেছিল।
এ ঘটনায় শুক্রবার অভিযোগ পাওয়ার পর পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় এসআই একরামের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
পুলিশের তৎপরতা এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতারকরা টাকাগুলো উত্তোলন করতে ব্যর্থ হয়। একপর্যায়ে রবিবার বিকেল ৩টার দিকে ভুক্তভোগী মাহাবুরের ব্যাংক হিসাবে পুরো ৬ লাখ ২০ হাজার টাকাই ফেরত আসে।
দ্রুত পদক্ষেপে খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মাহাবুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, পাইকগাছা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সমস্যায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।





