ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আনন্দ কন্ঠ ও ভ্রমণ

পাঁচ দিনের অপেক্ষা শেষে সেন্টমার্টিনের পথে পর্যটকের ঢল

অবশেষে অপেক্ষার পালা শেষ। নানা অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করেছে এমভি বার আউলিয়া। দীর্ঘ বিরতির পর জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের পাশাপাশি দ্বীপের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও ফিরেছে স্বস্তি ও আশাবাদ।
সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে হুইসেল বাজিয়ে ছেড়ে যায় জাহাজটি। সমুদ্রের ঢেউ পেরিয়ে প্রবাল দ্বীপের পথে শুরু হয় পর্যটকদের বহুল প্রতীক্ষিত যাত্রা। দীর্ঘদিন পর সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পেয়ে যাত্রীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
চলতি পর্যটন মৌসুমে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি প্রতিষ্ঠান।
প্রথম দিনে এমভি বার আউলিয়া যাত্রা শুরু করলেও শুক্রবার (৬ নভেম্বর) থেকে পর্যটক পরিবহনে যুক্ত হওয়ার কথা রয়েছে এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফের। বিষয়টি জানিয়েছেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরুর কথা ছিল। তবে নানা জটিলতায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল সম্ভব হয়নি। পাঁচ দিন পিছিয়ে অবশেষে বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অনুমোদিত সব জাহাজ চলাচল শুরু করলে পর্যটক পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
জাহাজ চলাচল শুরুর আগে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করে প্রশাসন। এর আগে বুধবার সন্ধ্যায় কক্সবাজারের বাঁকখালী নদীতে নোঙর করে রাখা হয় তিনটি পর্যটকবাহী জাহাজ। যাত্রী পরিবহনের উপযোগী করতে জাহাজগুলোর সংস্কার, সাজসজ্জা, পর্যটকদের বসার চেয়ার ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবর্তনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০, এমভি কর্ণফুলির ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান জানান, আগে থেকে টিকিট সংগ্রহ করা পর্যটকদের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সকাল ৭টায় নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, প্রথম দিনে একটি জাহাজ চলাচল শুরু হলেও পর্যায়ক্রমে অনুমোদন পাওয়া অন্য জাহাজগুলোও এই নৌপথে যুক্ত হবে।
জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনের পর্যটননির্ভর অর্থনীতিতে নতুন করে গতি ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে। দ্বীপের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা নতুন মৌসুমে ব্যবসা সচল হওয়ার আশা করছেন। তবে পর্যটন কার্যক্রমের পাশাপাশি দ্বীপের জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.