ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি টাকা

চট্টগ্রাম নগরীর যানজট নিরসন এবং বন্দর, বিমানবন্দর ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। মূল প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই কয়েক দফায় বেড়েছে ব্যয় ও মেয়াদ। সর্বশেষ আরও ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়ায় প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। অর্থাৎ প্রাথমিক অনুমোদিত ব্যয়ের তুলনায় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১১১ টাকা।
প্রায় এক দশক ধরে চলা এই প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের পরও প্রত্যাশিত সুফল মিলছে না। ২০২৫ সালে প্রতিদিন প্রায় ৩৯ হাজার ৩৮৮টি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে চলেছে গড়ে মাত্র ৮ হাজার ১২১টি। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় যান চলাচল হয়েছে প্রায় ২১ শতাংশ। প্রয়োজনীয় র‌্যাম্প ও সংযোগ অবকাঠামো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় উড়ালসড়কটি এখনো তার সক্ষমতা অনুযায়ী ব্যবহার করা যাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পের দ্বিতীয় ভেরিয়েশন ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে নতুন করে ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা যুক্ত হয়েছে। র‌্যাম্প নির্মাণ, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সিডিএ সূত্রে জানা গেছে, নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা পর্যন্ত দ্রুত যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। তখন ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। প্রথমদিকে ২০২০ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু ভূমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, বিভিন্ন সরকারি সংস্থার আপত্তি এবং সমন্বয়হীনতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। একাধিকবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় সংশোধন করতে হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় ১৬ দশমিক ৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৬ দশমিক ৫ মিটার। চার লেনবিশিষ্ট এই উড়ালসড়ক লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত যোগাযোগ সহজ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দর, ইপিজেড, দক্ষিণ চট্টগ্রাম ও নগরীর শিল্পাঞ্চলের সঙ্গে সংযোগ উন্নত করার কথা।
১৫ র‌্যাম্পের পরিকল্পনা থেকে ৯টি, তাতেও বিলম্ব
প্রকল্পটির মূল অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পর ২০২৪ সালের আগস্টে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয়। ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে নিয়মিত যান চলাচল শুরু হলেও র‌্যাম্প নির্মাণ ও সংযোগ অবকাঠামোর অসম্পূর্ণতার কারণে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।
শুরুতে ১৫টি র‌্যাম্প নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে নকশা ও বাস্তবায়নগত জটিলতায় তা কমিয়ে ৯টিতে আনা হয়। এসব র‌্যাম্প দিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যানবাহনের ওঠানামার ব্যবস্থা করার কথা। কিন্তু দীর্ঘ সময়েও সব র‌্যাম্প নির্মাণ ও চালু করা সম্ভব হয়নি।
ফলে উড়ালসড়কের মূল অংশে যান চলাচল শুরু হলেও নগরীর বিভিন্ন এলাকা থেকে সহজে ওঠা কিংবা নির্দিষ্ট গন্তব্যে নেমে যাওয়ার সুযোগ সীমিত রয়েছে। এতে প্রকল্পটির সম্ভাব্য ব্যবহার ও অর্থনৈতিক সুফলও বাধাগ্রস্ত হচ্ছে।
৩৯ হাজার যান চলাচলের লক্ষ্য, বাস্তবে ৮ হাজার
প্রকল্পের সম্ভাব্য যান চলাচলের লক্ষ্যমাত্রা ও বাস্তব চিত্রের ব্যবধানও প্রশ্ন তৈরি করেছে। সিডিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন প্রায় ৩৯ হাজার ৩৮৮টি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অথচ ওই বছর দৈনিক গড়ে যান চলাচল করেছে মাত্র ৮ হাজার ১২১টি।
লক্ষ্যমাত্রার তুলনায় বাস্তব যান চলাচলের এই বড় ব্যবধানের পেছনে র‌্যাম্পের সীমাবদ্ধতা অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৬ সালে যান চলাচল কিছুটা বাড়লেও সব র‌্যাম্প চালু না হওয়া পর্যন্ত প্রকল্পটির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো কঠিন।
প্রকল্প বাস্তবায়নে সরকার ৫২৪ কোটি টাকা ঋণ দিয়েছে। এই ঋণের সুদের হার ২ শতাংশ এবং পরিশোধের মেয়াদ ২০ বছর। পাঁচ বছরের গ্রেস পিরিয়ড শেষে ২০২৮ সাল থেকে সুদসহ মোট ৬৫৪ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে। ঋণের অর্থ পরিশোধের দায়িত্ব সিডিএর ওপর।
অর্থাৎ নির্মাণ ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্পের ঋণের অর্থ পরিশোধের আর্থিক দায়ও রয়েছে উন্নয়ন কর্তৃপক্ষের। প্রকল্পটি থেকে প্রত্যাশিত রাজস্ব ও আর্থিক সুফল নিশ্চিত না হলে ভবিষ্যতে এই দায় ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন গতকাল জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, র‌্যাম্প নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ব্যয় বেড়েছে। এ কারণে প্রকল্পের ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সরকার ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করলেও ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার তাগাদা রয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সব র‌্যাম্প নির্মাণ, প্রয়োজনীয় সংযোগ সড়ক প্রস্তুত এবং যানবাহনের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করা যাবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, শুধু উড়ালসড়কের মূল অবকাঠামো নির্মাণ করলেই যানজট নিরসনের লক্ষ্য অর্জিত হবে না। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সঙ্গে কার্যকর সংযোগ, সব র‌্যাম্প চালু, সড়কের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয় নিশ্চিত করতে হবে।
বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পের ব্যয় ও সময় দুটিই বেড়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে, সর্বশেষ ব্যয় বৃদ্ধির পর প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি চালু করা সম্ভব হবে কি না এবং বাস্তবে নগরবাসী কতটা সুফল পাবেন। ডিসেম্বরের মধ্যে কাজ শেষের আশ্বাস বাস্তবায়িত না হলে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগ অবকাঠামোর পূর্ণাঙ্গ সুফল পেতে নগরবাসীকে আরও অপেক্ষা করতে হতে পারে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.