ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

কোহেলিয়া নদী হারাচ্ছে নাব্যতা, অস্তিত্ব সংকটে জীবিকা

কক্সবাজারের মহেশখালীর প্রাচীন কোহেলিয়া নদী এখন দখল-দূষণ ও পলি জমে ভরাট হওয়ার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় গভীর ও প্রশস্ত এ নদী ছিল স্থানীয় মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু সময়ের ব্যবধানে নদীর নাব্যতা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। সংকটে পড়েছেন জেলে, নৌযান মালিক, লবণ শ্রমিকসহ নদীনির্ভর বিভিন্ন পেশার মানুষ। স্থানীয়দের দাবি, নদীটি রক্ষায় দ্রুত ড্রেজিং ও অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের পূর্ব পাশে এবং কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম পাশ ঘেঁষে দ্বীপের বুক চিরে বয়ে গেছে কোহেলিয়া নদী। আশির দশকের আগে নদীটি ছিল বেশ গভীর ও প্রায় এক কিলোমিটার প্রশস্ত। তবে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন প্রকল্পের বর্জ্য, পলি জমা এবং মানবসৃষ্ট দখল-দূষণের কারণে নদীটির স্বাভাবিক প্রবাহ ও গভীরতা ক্রমেই কমে আসছে।
স্থানীয়দের ভাষ্য, নদীর প্রায় ৭-৮ কিলোমিটার অংশে নাব্যতা সংকট প্রকট হয়ে উঠেছে। একসময় যে নদীপথে অনায়াসে ট্রলার ও অন্যান্য নৌযান চলাচল করত, বর্তমানে সেখানে নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে। এতে নদীকেন্দ্রিক অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। জেলে, বোট মালিক, লবণ শ্রমিক ও ব্যবসায়ীদের একটি বড় অংশ জীবিকা হারিয়ে বিকল্প পেশার সন্ধানে ছুটছেন। অনেক পরিবার অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে।
মাতারবাড়ীর পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ কাসেম কোম্পানি বলেন, “কোহেলিয়া নদী যখন গভীর ছিল, তখন ব্যবসা-বাণিজ্য খুব জমজমাট ছিল। আমার লাইসেন্সধারী জ্বালানি তেলের দোকানের পাশাপাশি একটি বড় ইঞ্জিনচালিত ট্রলারও ছিল। সেই ট্রলারে মাতারবাড়ী-ধলঘাটাসহ মহেশখালীর বিভিন্ন এলাকার মানুষ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করা হতো। মহেশখালীতে উৎপাদিত লবণও ট্রলারে করে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন লবণ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠানো যেত। কিন্তু নদী ভরাট হয়ে যাওয়ায় নৌপথে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে আমার মতো অনেক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তিনি দ্রুত নদীটি ড্রেজিংয়ের দাবি জানান। নদীর নাব্যতা হারানোর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে জেলেদের জীবনে। স্থানীয় জেলে মোহাম্মদ সোহেল বলেন, “বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি যখন গভীর ছিল, তখন ঝাঁকি জাল দিয়ে মাত্র ১০ মিনিট মাছ ধরলেই বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। সেই মাছ দিয়ে পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রি করা সম্ভব হতো। এখন নদীতে মাছ পাওয়া যায় না বললেই চলে। মাছ ধরার পেশা হারিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। এখন ভাত জুটলেও মাছ জোটে না।
স্থানীয়রা জানান, আগে নৌপথে পণ্য পরিবহনে কিছুটা বেশি সময় লাগলেও খরচ তুলনামূলক কম হতো। ফলে তাঁরা কম দামে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারতেন। কিন্তু নদী ভরাট হয়ে যাওয়ায় নৌপথে পণ্য পরিবহন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে পরিবহন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও।
এদিকে পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার সদস্যসচিব এইচএম ফরিদুল আলম শাহীন জানান, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর থেকে নদীটির ওপর চাপ বেড়েছে। প্রকল্পসংশ্লিষ্ট বর্জ্য, অপরিকল্পিত কর্মকাণ্ড এবং নদীর জায়গা দখল করে সড়ক নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে তাঁদের দাবি।
এতে শুধু নদীনির্ভর মানুষের জীবিকা নয়, পুরো এলাকার পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়েছে। তিনি আরো জানান, কোহেলিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিংয়ের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্থানীয়দের অভিযোগ, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের একাধিক দল ইতোমধ্যে নদীটি পরিদর্শন করেছে। তবে পরিদর্শন ও আশ্বাসের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকায় বাস্তবে নদীটির উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় হতাশ তাঁরা। তাঁদের কাছে নদীটির ড্রেজিং এখনো অধরা স্বপ্ন।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, “কোহেলিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। নদীটি দ্রুত ড্রেজিংয়ের আওতায় আসবে বলে আশা করছি।
স্থানীয়দের মতে, কোহেলিয়া নদী শুধু একটি জলপ্রবাহ নয়; এটি মহেশখালীর মানুষের জীবন-জীবিকা, যোগাযোগ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই নদীটিকে দখল-দূষণমুক্ত করে খননের মাধ্যমে আগের নাব্যতা ফিরিয়ে আনা গেলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। এখন তাঁদের অপেক্ষা, আশ্বাস নয়—কোহেলিয়া নদী রক্ষায় কার্যকর উদ্যোগের।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.