বাঙালী জাতির আত্মপরিচয়ের দিশারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাঁকে অতল শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েই আমার বক্তব্য শুরু করছি।
“ওরা ভেবেছিলো
তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ..!
ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ..!!”
শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,শতাব্দীর মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা নিবেদন করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ
১৫ আগস্ট এর সকল শহীদদের প্রতি, জাতীয় চার নেতার প্রতি এবং শ্রদ্ধা নিবেদন করছি এদেশের সূর্য সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।
আজ ১৫ ই আগস্ট, বাংলাদেশ ও বাঙালীর জন্য গভীর মর্মস্পর্শী শোকের দিন।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী।
১৯৭৫ সালের এই দিনে ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে ঘটে মানবজাতির ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড। এ নির্মম ও নারকীয় হত্যাকাণ্ডে শহিদ হন জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সাথে নৃশংসভাবে শহিদ হন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর প্রিয় পুত্রত্রয় শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। আরও শহিদ হন বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী আরজু মনি,আবদুল নঈম খান রিন্টু এবং বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ সহ আরো অনেকে। হত্যাকারীরা বঙ্গবন্ধু ও তাদের পরিবারকে হত্যা করেই সেদিন ক্ষান্ত হয়নি, পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলার এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে।
আমি ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করছি ও সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমি প্রথমেই একটি সংশোধনী দিতে চাই।বঙ্গবন্ধুকে অনেকে জাতির জনক বলেন। এটা কিন্তু ঠিক নয়। জনক হচ্ছে বায়োলজিক্যাল বিষয়। এটা বলা বেআইনিও। মূলত: ঔরষজাত সন্তানের ক্ষেত্রে জনক শব্দটি ব্যবহার হয়।সেজন্য
সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে স্পষ্টকরে বলা আছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই সাংবিধানিকভাবে তিনি জাতির পিতা।যেমন -শেখ হাসিনা,শেখ রেহেনা,শেখ কামাল,শেখ জামাল, শেখ রাসেল বঙ্গবন্ধুর বায়োলজিক্যাল সন্তান এবং যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে,শ্রদ্ধা করে,তাঁর আদর্শকে ধারন করে তারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান।তাই বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির পিতা।
অনেকে আবার বিভ্রান্তি ছড়াতে গিয়ে হযরত আদম (আ:)কে টানেন।এ জাতীয় তুলনা একেবারেই ঠিক নয়।হযরত আদম (আ:) সমগ্র মুসলিম জাতির পিতা।
বঙ্গবন্ধু শুধু জাতির পিতাই নন, তিনি বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টাও। বাঙালি জাতিসত্তা হিসেবে তিনিই আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। স্বাধীনতার জন্য মানুষকে জাগিয়ে তুলেছিলেন। এছাড়া তিনি জাতির স্থপতিও। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পুনরায় গড়ে তুলেছেন। নির্যাতিত মানুষদের পুনর্বাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিসহ সবকিছু তিনি একসঙ্গে করেছেন।’
আমি আজ আপনাদের বলবো, আমরা কাকে হারিয়েছি? এ শুধু বাঙ্গালীর কথা নয়।
আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, প্রতিষ্ঠাতা, একটি জাতি নির্মাণের কারিগর, বাঙালি জাতির গন্তব্য নির্ধারণের মহাকবি, ইতিহাসের মহানায়ক তিনি, কিন্তু বিশ্ববাসীর কাছে তিনি এক ধ্রুবতারা। হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালিকে বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন বিশ্ববরেণ্য নেতারা।১৯৭১ সালের ৫ এপ্রিল আমেরিকার নিউজ উইক ম্যাগাজিন তাদের প্রচ্ছদজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে লিড নিউজে তাকে অভিহিত করে ‘পয়েট অব পলিটিক্স’ বা ‘রাজনীতির কবি’ হিসেবে।
৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জন্যই তাকে এ উপাধি দেওয়া হয়েছিল। সেদিন যারা রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলেন তাদের মতে, সেই জ্বালাময়ী ভাষণ কোনো ভাষণ নয়, বরং একজন দক্ষ, সুনিপুণ কবির ছন্দময় কবিতা।
১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো সাক্ষাৎকালে বঙ্গবন্ধুর সম্পর্কে কিউবার নেতা ফিদেল ক্যাস্টো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, তবে শেখ মুজিবের ব্যক্তিত্ব ও সাহসিকতা দেখেছি। এই লোকটি একটি হিমালয় পবর্ত। আমি তাকে দেখে হিমালয় পবর্ত দেখার অভিজ্ঞতা অর্জন করেছি।’
একই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষক শ্রেণি, আরেক ভাগে শোষিত। আমি শোষিতের দলে।’
ওই ভাষণের পর কাস্ত্রো বঙ্গবন্ধুকে বলেছিলেন, ‘তুমি আজ যে ভাষণ দিলে, এখন থেকে সাবধানে থেকো। আজ থেকে তোমাকে হত্যার জন্য একটি বুলেট তোমার পিছু নিয়েছে।’ ফিদেল কাস্ত্রোর সেদিনের কথাটিই সত্য হয়ে যায় এর দুই বছরের মাথায়।
বঙ্গবন্ধু মৃত্যুর মধ্য দিয়ে হয়ে উঠেছেন মহামৃত্যুঞ্জয়। মৃত্যু তাকে নিঃশেষিত করেনি বরং বাঙালির চিত্তাকাশে আরও উজ্জ্বল ও মহিমান্বিত করেছে। এই প্রজন্মকে বোঝাতে হবে, আজ তারা যে পথটি দিয়ে সামনের দিকে চলছে তা তৈরি করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।এই বাংলাদেশের নামকরণও বঙ্গবন্ধু করেছেন।
আজন্ম যিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে একটি জাতিকে ঐক্যবদ্ধ করলেন, যিনি সারাজীবন আন্দোলন সংগ্রাম করলেন এ দেশের মানুষের মুক্তির জন্য, যার নেতৃত্বে শুরু হলো মহান মুক্তিযুদ্ধ, দিলেন নতুন পরিচয়- নতুন মানচিত্র, বুকে আশ্রয় দিলেন প্রতিটি মানুষকে, তিনিই স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় একদল হায়েনা ঘাতকচক্রের বুলেটে শহিদ হলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যার মধ্য দিয়ে যে শুন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনদিনই পূরণ হবার নয়।
ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।এদেশের মানুষ সেই শোককে শক্তিতে রুপান্তর করেছেন।শোক এখন পরিণত হয়েছে শক্তির অনির্বাণ উৎসবিন্দুতে।
আজ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ, তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ। আজকের বাংলাদেশের যে বিপুল পরিমাণ উন্নয়ন তা তরুণ শেখ মুজিবের ফর্মুলার বহিঃপ্রকাশ। গ্রাম হয়েছে শহর। ভিক্ষুক জাতি ঘুরে দাঁড়িয়েছে, হয়েছে মালিক।
অনেককেই আমি দেখি – যতদিন আওয়ামীলীগ ক্ষমতায় ছিলেন মুজিব কোট পরার হিড়িক পড়েছিল।
আওয়ামীলীগের একজন উপজেলা সেক্রেটারীর মুজিব কোট দেখে আমি কিছুটা হতাশ হয়েছিলাম।
কেন হতাশ হয়েছি সে ব্যাখ্যা দিচ্ছি।
আওয়ামীলীগ এর যে সকল নেতাকর্মী মুজিব কোট পরেন তাদের জানতে হবে মুজিব কোট কি এবং কেন বঙ্গবন্ধু এটা পরিধান করতেন? — এ প্রশ্নের উত্তর অনেক মুজিব কোট পরিধানকারী আওয়ামী নেতারাও সঠিকভাবে জানেন না।
২০২৩ এর ১৫ আগস্ট একজন নেতার মুজিব কোট দেখলাম ভুল সমীকরণে ভরা।
যদি সত্যিকার অর্থেই জানতেন তা’হলে মুজিব কোটের মূল বৈশিষ্ট্যকে বিকৃত করে অমর্যাদা করতেন না।
তাঁকে আমি জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা আপনি মুজিব কোট পড়েন কেন?’
সেই নেতা মুজিব কোটের আসল রহস্য জানতেন না। তাই তিনি স্বভাবসুলভ জবাব দিয়েছিলেন, ‘এটা বঙ্গবন্ধু পড়তেন, তাই আমিও পড়ি। এটা একটা আদর্শ।’ আসলে বঙ্গবন্ধু পড়তেন বলে এটি আদর্শ নয়, আদর্শ ছিলো এই কোট পড়ার পেছনে রয়েছে এক গভীর চিন্তাধারার রহস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্র তার সহপাঠী তাজউদ্দিনকে নিয়ে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা দিতে গিয়েছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানকে অনেক কাছ থেকে দেখলেন, কথাও বললেন দীর্ঘক্ষণ। কথা শেষে উঠে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন তার কালো কোটটি গায়ে জড়াচ্ছিলেন তখন ওই ছাত্র লক্ষ্য করলেন কোটে ৬টি বোতাম রয়েছে। যা এ ধরনের অন্য কোটের বোতামের চেয়ে কম।
এ সময় তিনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন, ‘আপনার কোটের বোতাম ৬টি কেন?’
উত্তরে বঙ্গবন্ধু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ‘এমন প্রশ্ন এর আগে আমাকে আর কেউ করেনি। তুই প্রথম। এ ৬টি বোতাম আমার ঘোষিত ৬ দফার প্রতীক।’ মুজিব কোটে ছিলো ৬টি বোতাম। মুজিব কোটের ৬ বোতাম মানেই শেখ মুজিবের ৬ দফা। স্বধীনতা ঘোষণার পূর্বে শেখ মুজিবের গায়ের কোটটি মুজিব কোট হিসেবে তেমন খ্যাতি লাভ করেনি। কালো হাতাকাটা বিখ্যাত কোটটি তখনও লাভ করেনি কালজয়ী কোনো নাম।হাতাবিহীন, হাইনেক, নিচে দুটি পকেট, কালো রঙের কোট – সংক্ষপে এটাই মুজিব কোট।
এ কোট পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বোপরি নিজেকে বাঙালির ফ্যাশন ‘আইকন’ হিসেবে বিশ্বের দরবারে হাজির করেছেন। মুজিব কোট শুধু জাতির পিতা বঙ্গবন্ধুর পছন্দের পোষাক ছিল না; এর নির্মাণ শৈলিতে প্রতিফলিত হয়েছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শ।
এই ছয় দফা ছিল বাংগালী জাতির মুক্তির সনদ।
কি ছিল ৬ দফাতে?
বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ। পাকিস্তান রাষ্ট্রে বাঙালিরা কখনো সমান নাগরিক অধিকার ভোগ করতে পারেনি। শুরু থেকেই পূর্ব বাংলার ওপর পশ্চিম অংশের একধরনের ঔপনিবেশিক শাসন–শোষণ কায়েম হয়। ওই রাষ্ট্রে বাঙালি সমস্যার প্রকৃতি ছিল জাতিসত্তাগত। এটি যথার্থভাবে চিহ্নিত করেই বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন, যা দ্রুত বাঙালিদের মধ্যে জাতীয় মুক্তির নবচেতনা জাগিয়ে তোলে।
ছয় দফা কর্মসূচি
১৯৬৬ সালের ৫–৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। ওই কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উত্থাপনের চেষ্টা করেন:
ছয় দফা দাবির মূল উদ্দেশ্য- পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র, ছয় দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ছয়দফা কর্মসূচীর ভিত্তি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়।
ছয় দফা দাবির মূল উদ্দেশ্য-
প্রথম দফা :পাকিস্তান হবে একটি Federal বা যৌথরাষ্ট্র এবং ছয় দফা কর্মসূচীর ভিত্তিতে এই Federation বা যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে।
দ্বিতীয় দফা : কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় এবং তৃতীয় দফায় ব্যবস্থিত শর্তসাপেক্ষ বিষয়।
তৃতীয় দফা : পুর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে।
চতুর্থ দফা : রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয়ের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রাজস্বের যোগান দেয়া হবে।
পঞ্চম দফা : যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেই অঙ্গরাজ্যের সরকার যাতে স্বীয় নিয়ণ্ত্রনাধীনে তার পৃথক হিসাব রাখতে পারে, সংবিধানে সেরূপ বিধান থাকতে হবে।
ষষ্ঠ দফা : ফলপ্রসূভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে সাহায্যের জন্য অঙ্গরাজ্যগুলোকে মিলিশিয়া বা আধা-সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। এদেশের মানুষের মুক্তির জন্য কী না করেছেন বঙ্গবন্ধু! তিনি ১৯৩৮ সালে প্রথম কারাগারে যান। এরপর ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিনি পাঁচ দিন কারাগারে ছিলেন। একই বছর ১১ সেপ্টেম্বর আটক হয়ে মুক্তি পান ১৯৪৯ সালের ২১ জানুয়ারি। এ দফায় তিনি ১৩২ দিন কারাভোগ করেন। এরপর ১৯৪৯ সালের ১৯ এপ্রিল আবারও কারাগারে গিয়ে ৮০ দিন কারাভোগ করে মুক্তি পান ২৮ জুন। ওই দফায় তিনি ২৭ দিন কারাভোগ করেন। একই বছরের ১৯৪৯ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৬৩ দিন এবং ১৯৫০ সালের ১ জানুয়ারি থেকে ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি টানা ৭৮৭ দিন কারাগারে ছিলেন।১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভের পরও বঙ্গবন্ধুকে কারাগারে যেতে হয় বলে তোফায়েল আহমেদ জানান। তিনি বলেন, সে সময়ে বঙ্গবন্ধু ২০৬ দিন কারা ভোগ করেন। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারির পর বঙ্গবন্ধু ১১ অক্টোবর গ্রেপ্তার হন। এ সময়ে টানা ১ হাজার ১৫৩ দিন তাঁকে কারাগারে কাটাতে হয়। এরপর ১৯৬২ সালের ৬ জানুয়ারি আবারও গ্রেপ্তার হয়ে মুক্তি পান ওই বছরের ১৮ জুন। এ দফায় তিনি কারাভোগ করেন ১৫৮ দিন। এরপর ’৬৪ ও ’৬৫ সালে বিভিন্ন মেয়াদে তিনি ৬৬৫ দিন কারাগারে ছিলেন। ছয় দফা দেওয়ার পর জাতির পিতা যেখানে সমাবেশ করতে গেছেন, সেখানেই গ্রেপ্তার হয়েছেন। ওই সময়ে তিনি ৩২টি জনসভা করে বিভিন্ন মেয়াদে ৯০ দিন কারাভোগ করেন। এরপর ৬৬ সালের ৮ মে আবারও গ্রেপ্তার হয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পান। এ সময় তিনি ১ হাজার ২১ দিন কারাগারে ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান সরকার তাঁকে গ্রেপ্তার করে। এ দফায় তিনি কারাগারে ছিলেন ২৮৮ দিন।)আসলে বঙ্গবন্ধুকে লিখে শেষ করা যাবেনা।মহাকালের মহাকাব্য লিখলেও রাজনীতির কবিকে নিয়ে লেখা শেষ হবেনা।পরিশেষে কবি সৈয়দ শামসুল হকএর ভাষায় শুধু এই টুকুই বলবো-
“আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে
আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।
এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ?
যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান”।





