চট্টগ্রামের উন্নয়নের জন্য একাধিক মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। কিন্তু কোনো সংস্থা সেই পরিকল্পনা অনুসরণ করেনি। এছাড়া নিয়ম না মেনে ভবন তৈরি, খেলার মাঠের অভাব, উদ্যান বাণিজ্যিকীকরণ, শব্দদূষণ, দক্ষ নগর পরিকল্পনাবিদের অভাব—এসবের ফলে জলাবদ্ধতা, যানজট এবং শারীরিক-মানসিক স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যায় ভুগছে ৩০ লাখেরও বেশি জনসংখ্যার এই শহর। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে চট্টগ্রাম বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
২৫ আগস্ট, সোমবার, নগরের একটি হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘চট্টগ্রাম মহানগরের অপরিকল্পিত নগরায়ণ’ শীর্ষক মতবিনিময় সভায় এমন শঙ্কা প্রকাশ করেন অংশীজনেরা। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান মো. নুরুল করিম উপস্থিত না থাকায় তাদের সমালোচনা করেন বক্তারা। যাদের হাতে দায়িত্ব, তারাই যদি আলোচনায় না থাকেন তবে কোনো ফল আসবে না এমন মত প্রকাশ করেন তারা। এছাড়া তাদের বক্তব্যে উঠে আসে নগর পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত দুই শীর্ষ সংস্থার ‘কাদা ছোড়াছুড়ির’ বিষয়টিও।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি জেরিনা হোসেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের জন্য একাধিক মাস্টারপ্ল্যান- ১৯৬১, ১৯৬৫-১৯৮৬, ১৯৯৫-২০১৫, ২০০৮ সালে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কোনো সংস্থা সেই পরিকল্পনা অনুসরণ করেনি। ফলে শহরটি আজ জলাবদ্ধতা, যানজট এবং শারীরিক-মানসিক স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যায় ভুগছে। সিসিসি ও সিডিএ উভয় সংস্থারই প্রাতিষ্ঠানিক কাঠামো ও পেশাদার দক্ষতার ঘাটতি রয়েছে। সিডিএর একটি ছোট পরিকল্পনা বিভাগ থাকলেও সিসিসির তাও নেই। ফলে তাদের উন্নয়ন প্রকল্পগুলো পরিকল্পনাহীনভাবে বাস্তবায়িত হচ্ছে।’
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ডিন অধ্যাপক ড. মো. রাশেদুল হাসান বলেন, সিডিএ নগরের সল্টগোলায় মার্কেট করেছে। সেখানে কোনো বেচা-বিক্রি নেই। দোকান বরাদ্দ হয় না। অনর্থক একটি মার্কেট করেছে। যা উন্নয়ন করা হয়েছে সব প্ল্যান বর্হিভূত। ওয়াসা কর্ণফুলীর ওপারে পানির লাইন নিয়েছে। কিন্তু কোনো গ্রাহক খুঁজে পাচ্ছে না। শহরে কোনো ভবনের নকশা নেই।’
তিনি আরও বলেন, ‘অনন্যা আবাসিকে একটি হাসপাতাল ছাড়া কোনো প্রতিষ্ঠান বা ভবনই হয়নি। সেখানে ভবন করতে হলে ১৩৩ ফুট মাটির নিচে যেতে হয়। কল্পলোক আবাসিকে সব ভবন বিল্ডিং কোড ভঙ্গ করেছে। কর্ণফুলী আজ দূষিত এক জলাধার। বিপ্লব উদ্যান ধ্বংস। নগরবাসীর হাঁটার কোনো জায়গা নেই, কোনো পার্ক নেই। ইট-পাথর দেখে দেখে মানুষের মনে কোনো মানসিক শান্তি নেই। শহরে বিবাহ বিচ্ছেদ বাড়ছে। শব্দ দূষণে শিশুরা দিশেহারা। খেলার মাঠ নেই। হাসপাতালে যেতে যানজটে পড়তে হয়। বসবাসের অযোগ্য এক নগরে পরিণত হয়েছে।’
একাধিক বক্তা চসিক মেয়র এবং সিডিএ চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নগর পরিকল্পনাবিদদের অব মূল্যায়ন করা হয় এই শহরে। সংস্থাগুলো কী করে তা এই সংশ্লিষ্টরা জানেন না। সভা-সেমিনারগুলোতে তারা ছোট কর্মকর্তাকে পাঠিয়ে নামমাত্র সমন্বয় করেন। বড়রা ব্যস্ততার অজুহাতে আসেন না। যেমনটা আজকেও আসেননি।
চসিক মেয়র এবং সিডিএ চেয়ারম্যানের অনুপস্থিতি প্রসঙ্গে বেলার সমন্বয়ক মনিরা পারভীন রুবা বলেন, ‘আমরা উভয়ের নিশ্চিতকরণের পর সভার তারিখ ও স্থান ঠিক করি। শনিবার চসিক কর্তৃপক্ষ জানায়, মেয়র ঢাকায় জরুরি বৈঠকে যোগ দেওয়ার কারণে আসতে পারবেন না। কিন্তু সিডিএ চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের জন্য দুঃখজনক। আমরা নগরের কল্যাণে এই আলোচনা আয়োজন করেছিলাম, কিন্তু দায়িত্বশীল নেতাদের ছাড়াই তা সম্পন্ন করতে হয়েছে।’
সভায় বক্তারা চসিক, সিডিএ, ওয়াসা এবং অন্যান্য সরকারি সেবা সংস্থাকে একটি ছাতার নিচে এনে কেন্দ্রীয় পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষাবিদ অধ্যাপক শফিক হায়দারের সভাপতিত্বে এবং বেলার প্রোগ্রাম ও ফিল্ড কোঅর্ডিনেটর এ এম এম মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বেলার চট্টগ্রামের সমন্বয়ক মনিরা পারভীন।
এতে আরও বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিনা সুলতানা, চুয়েটের সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ ল্যাবের সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া, ফোরাম ফর প্ল্যানড চট্টগ্রামের সহ-সভাপতি প্রকৌশলী সুবাস বড়ুয়া, চট্টগ্রামের বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের কর্মীরাও আলোচনায় অংশ নেন।





