আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের মর্যাদাপূর্ণ আসর প্যারিস ফ্যাশন উইক–এ হাজির হয়ে আবারও নজর কাড়লেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। ল’অরিয়াল প্যারিস–এর আয়োজিত Le Défilé প্রদর্শনীতে তিনি র্যাম্পে হাঁটেন ভারতীয় ডিজাইনার মনীষ মালহোত্রার নকশা করা বিশেষ শেরওয়ানিতে।
গাঢ় নীল রঙের ওই পোশাকে ছিল হীরকখচিত নকশা, উঁচু কলার ও স্টাইলিশ স্লিট কাট। সঙ্গে মানানসই প্যান্ট, গয়না ও লাল ঠোঁটের মেকআপে তাঁর উপস্থিতি আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
ঐশ্বরিয়া র্যাম্প শেষে দর্শকদের উদ্দেশে হাত জোড় করে ‘নমস্তে’ জানান এবং ছুড়ে দেন এক ফ্লাইং কিস। মুহূর্তগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পর্দার আড়ালে এক ইনফ্লুয়েন্সার তাঁকে বলেন, “আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার কারণেই।” এই মন্তব্যে আবেগাপ্লুত হয়ে ঐশ্বরিয়া তাঁদের পরিবারের মঙ্গল কামনা করেন এবং উপহার দেন একটি লিপস্টিক।
সমালোচকদের মতে, ঐশ্বরিয়ার এই উপস্থিতি শুধু সৌন্দর্য নয়, বরং নারী ও পুরুষ পোশাকের সীমারেখা ভেঙে এক নতুন বার্তা দিয়েছে। ফলে আবারও প্রমাণিত হলো, তিনি বলিউডের গণ্ডি পেরিয়ে সত্যিকারের এক গ্লোবাল আইকন।





