শারদীয় দুর্গাপূজার উৎসব চলাকালীন সময়ে মোহনগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। আশ্বিন মাসের তীব্র ভ্যাপসা গরমের সঙ্গে যোগ হয়েছে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট। এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টি না থাকায় দমবন্ধ গরমে জনজীবন হয়ে উঠেছে অসহনীয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন গড়ে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১১ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। পৌর শহরের পরিবারগুলো পড়েছেন পানির সংকটে, আর গ্রামাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন স্বাভাবিক কাজে।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন বিদ্যুতের এই অনিয়মিত সরবরাহ নিয়ে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে। শিশু ও বৃদ্ধরা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানা গেছে।
মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইমদাদুল হক জানান, বিদ্যুতের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জেনারেশন ও বরাদ্দ না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
অবস্থার উন্নতি না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।





