দেশের কৃষি অর্থনীতিতে কৃষকের নিরলস ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে নওগাঁর মান্দা উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী সতীহাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সফল কৃষক শুকুমার মহন্তকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার এনসিপি সদস্য ও মান্দা উপজেলার প্রধান সংগঠক ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ। সঞ্চালনা করেন মো. সেলিম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলার মুখ্য সমন্বয়কারী মনিরা শারমিন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরা শারমিন বলেন, “আজ আমরা দুর্গাপূজার উৎসবে মেতে উঠেছি। এই উৎসবের অন্যতম ভিত্তি হলো খাদ্য নিরাপত্তা। আর এই খাদ্য নিরাপত্তার মূল কারিগর আমাদের কৃষক ভাইয়েরা। হাড়ভাঙা পরিশ্রম ও প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে তারা আমাদের জন্য সোনার ফসল ফলান।”
তিনি আরও বলেন, “আমাদের দল বিশ্বাস করে কৃষকরাই জাতির মেরুদণ্ড। অথচ প্রায়ই তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হয় না। পূজার এই পবিত্র সময়ে কৃষকদের সম্মান জানানোর উদ্দেশ্যেই এ আয়োজন।”
অনুষ্ঠানে সতীহাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ মাস্টার বলেন, “পূজার শুভক্ষণে অন্নদাতাদের সম্মান জানানো এক মহৎ কাজ। মন্দির প্রাঙ্গণে এমন সামাজিক ও গুরুত্বপূর্ণ আয়োজন আমাদের সবার জন্য আনন্দের।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী দিপু খন্দকার, মান্দা উপজেলা এনসিপির সংগঠক ও জুলাই রাজ-কারাবন্দী মো. রাজু প্রমুখ।
সাধারণ মানুষ এনসিপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সম্মান জানানো প্রশংসনীয় উদ্যোগ।





