দিনাজপুরের বীরগঞ্জ। শারদীয় দুর্গাপূজার রেশ তখনও কাটেনি। আর এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ অক্টোবর) গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে জমে ওঠে এক অনন্য আয়োজন—আদিবাসীদের দুই শত বছরের ঐতিহ্যবাহী মিলন মেলা।
সকাল থেকেই দলে দলে আসতে থাকেন দিনাজপুরসহ আশপাশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী ও নওগাঁ জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাজারো মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীরা সবাই ভিন্ন সাজে, ভিন্ন রঙে মেতে ওঠেন মিলনমেলায়।
মাঠজুড়ে ছিল গান, নাচ আর কোলাহলের এক উৎসব। কারও পরনে ঐতিহ্যবাহী পোশাক, কেউ আবার আধুনিক সাজে হাজির হয়েছেন। তবে সবার মধ্যেই ছিল আনন্দ আর আপনজনদের সঙ্গে মিলিত হওয়ার উচ্ছ্বাস। এ যেন শুধু একটি মেলা নয়, বরং একদিনের জন্যও হোক, বিচ্ছিন্ন জীবনযাত্রা থেকে বেরিয়ে আসার এক সুযোগ।
স্থানীয়ভাবে এ মেলা পরিচিত ‘বাসিয়া হাটি’ নামে। প্রতি বছর দুর্গাপূজার পরদিন এ আয়োজনে মিলিত হন বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষও। ফলে মেলা পরিণত হয় এক বৈচিত্র্যময় সামাজিক উৎসবে।
এবারের আয়োজনে নিজপাড়া, মোহনপুর ও মরিচা ইউনিয়ন পরিষদ ছিল মূল উদ্যোক্তা, সার্বিক তত্ত্বাবধানে ছিল গোলাপগঞ্জ দুর্গাপূজা উদযাপন কমিটি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক যোশেফ হেমরম।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান চৌধুরী শাহীন, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, দিনাজপুর কালিতাসের আঞ্চলিক পরিচালক রবি মাডি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মনোজ কুমার রায়সহ অনেকে।
সঞ্চালনায় ছিলেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সেক্রেটারি কমলাকান্ত এবং সহ-সেক্রেটারি বিশ্বনাথ মুরমু।
মেলাকে ঘিরে বহুদিন ধরে একটি প্রচলিত গুজব রয়েছে—এখানে নাকি ছেলে-মেয়েরা জীবনসঙ্গী বেছে নেন এবং মেলাতেই বিয়ে সম্পন্ন হয়। তবে এ নিয়ে দ্বিধা-সন্দেহ থেকেই গেছে। উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডি বলেন, “আমাদের পূর্বপুরুষেরা এই মেলা শুরু করেছিলেন। আমরা শুধু সেই ধারাবাহিকতা রক্ষা করছি। কবে থেকে এ মেলার প্রচলন তা সঠিকভাবে বলা না গেলেও কয়েক শত বছর ধরে চলছে। তবে বিয়ের ঘটনা আমি কখনো এ মেলায় দেখিনি। হয়তো কেউ কাউকে পছন্দ করে পরে পারিবারিকভাবে বিয়ে করেছে, এতটুকুই।”
দিনভর এ মিলন মেলা শুধু আনন্দ নয়, বহন করেছে ঐতিহ্যের বার্তা। একদিনের জন্য হলেও সব বয়সী মানুষ মেতে ওঠেন একসঙ্গে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, রঙিন সাজ আর সুরের মেলবন্ধনে গোলাপগঞ্জের মাঠ হয়ে ওঠে হাসি-আনন্দে ভরা মিলনমেলা।





