চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন এলাকার পরিকল্পিত, টেকসই, বাসযোগ্য ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০’ প্রণয়নের কাজ এগিয়ে চলছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের অংশীজনদের নিয়ে অংশগ্রহণমূলক ত্বরিত মূল্যায়ন (Participatory Rapid Appraisal—PRA) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ নভেম্বর চউকের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য অংশীজন অংশ নেন।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দেশের বাইরে অবস্থান করায় মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, একটি পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক চট্টগ্রাম গড়ে তুলতে স্থানীয় জনগণের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরের উন্নয়ন পরিকল্পনায় এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, কার্যকর সমাধান নির্ধারণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো মহাপরিকল্পনার অন্যতম লক্ষ্য।





